Royal Enfield Guerrilla 450: রয়্যাল এনফিল্ড তাদের আধুনিক ‘শেরপা ৪৫০’ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রযুক্তির দুনিয়ায় কালজয়ী পদক্ষেপ নিয়েছিল। হিমালয়ান ৪৫০ এই প্ল্যাটফর্মে তৈরি প্রথম বাইক হলেও, ধারণা করা হয়েছিল যে গেরিলা ৪৫০ বিক্রির দিক থেকে অনেক এগিয়ে যাবে। তবে বাজারের চিত্র বলছে অন্য কথা। দাম বেশি হওয়া সত্ত্বেও হিমালয়ান ৪৫০-এর বিক্রি গেরিলা ৪৫০-এর তুলনায় অনেক বেশি। এহেন পরিস্থিতিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে এসে রয়্যাল এনফিল্ড তাদের গেরিলা ৪৫০ মডেলের কালার প্যালেটে বড় ধরনের কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থা ইতিমধ্যেই তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জনপ্রিয় ‘ইয়েলো রিবন’ রঙটি সরিয়ে দিয়েছে এবং এটি পাকাপাকিভাবে বন্ধ করার ঘোষণা করেছে।
Royal Enfield Guerrilla 450-এর কালারে বদল
সংস্থার পক্ষ থেকে এই সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও, বাজার বিশেষজ্ঞদের মতে বিক্রির চাহিদা এবং উৎপাদনের ভারসাম্য বজায় রাখতেই এই পদক্ষেপ। বর্তমানে গেরিলা ৪৫০ (Royal Enfield Guerrilla 450) মডেলে সাতটির পরিবর্তে মাত্র ছয়টি রঙ উপলব্ধ রয়েছে। এখানেই শেষ নয়, জল্পনা শোনা যাচ্ছে যে ডিলারদের কাছে থাকা বর্তমান স্টক শেষ হয়ে গেলেই আরও দুটি রঙ – ‘প্লায়া ব্ল্যাক’ এবং ‘গোল্ড ডিপ’ ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হবে। মূলত যে রঙগুলির চাহিদা গ্রাহকদের মধ্যে তুলনামূলকভাবে কম, সেগুলিকে বাদ দিয়ে কেনাকাটার প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে চাইছে সংস্থাটি। যদি এই দুটি রঙও শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়, তবে গেরিলার ঝুলিতে থাকবে মাত্র চারটি রঙের বিকল্প।
রঙের এই পরিবর্তনের পর ভেরিয়েন্ট অনুযায়ী দাম ও পছন্দের তালিকায় বেশ কিছু পরিবর্তন আসবে। বর্তমানে ‘অ্যানালগ’ ভেরিয়েন্টে ‘স্মোক সিলভার’ রঙটি পাওয়া যাচ্ছে যার এক্স-শোরুম দাম ২.৫৬ লক্ষ টাকা। ‘ড্যাশ’ ভেরিয়েন্টে ‘পেইক্স ব্রোঞ্জ’ এবং ‘শ্যাডো অ্যাশ’ রঙ দুটির দাম ২.৬৭ লক্ষ টাকা। অন্যদিকে, টপ ভেরিয়েন্ট ‘ফ্ল্যাশ’-এর জন্য একমাত্র বিকল্প হিসেবে থেকে যাবে ‘ব্রাভা ব্লু’, যার মূল্য ২.৭২ লক্ষ টাকা। রঙের এই রদবদল ছাড়া বাইকটির যান্ত্রিক বা কারিগরি দিকে অন্য কোনো পরিবর্তন আনা হয়নি। এটি এখনও সেই শক্তিশালী ৪৫২ সিসি লিকুইড-কুলড শেরপা ৪৫০ ইঞ্জিন দ্বারাই চালিত, যা প্রায় ৪০ বিএইচপি শক্তি এবং ৪০ নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম। এর সাথে যুক্ত রয়েছে একটি ৬-স্পিড গিয়ারবক্স।
আরও পড়ুন: বৈদ্যুতিক স্কুটারের বাজারে ইয়ামাহার গ্র্যান্ড এন্ট্রি, ভারতে এল নতুন Yamaha EC-06
সরঞ্জামের ক্ষেত্রে গেরিলা ৪৫০ (Royal Enfield Guerrilla 450) তার আগের বৈশিষ্ট্যগুলিই বজায় রেখেছে। যদিও এটি একটি রোডস্টার বাইক, তবুও এতে হিমালয়ান ৪৫০-এর মতো ইউএসডি ফ্রন্ট ফর্ক দেওয়া হয়নি। এর বদলে সাধারণ টেলিস্কোপিক ফর্ক ব্যবহার করা হয়েছে। বাইকটিতে রয়েছে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল এবং দুই চাকাতেই ডিস্ক ব্রেক। গেরিলা ৪৫০-এর একটি বিশেষ আকর্ষণ হলো এর ১৬০-সেকশন রিয়ার টায়ার, যা এই সেগমেন্টের অন্য কোনো প্রতিযোগী বাইকে সচরাচর দেখা যায় না। রয়্যাল এনফিল্ডের এই পদক্ষেপ গ্রাহকদের পছন্দের ক্ষেত্রকে সীমাবদ্ধ করলেও, সংস্থার উৎপাদন ব্যবস্থায় এটি আরও গতি আনবে বলে মনে করা হচ্ছে।
