বিএমডব্লিউ মটোরাড ইন্ডিয়া তাদের প্রিমিয়াম ইলেকট্রিক টু-হুইলার ‘সিই ০২’ (BMW CE 02) মডেলে বিশাল ছাড়ের ঘোষণা করেছে। ভারতের অধিকাংশ ডিলার এখন এই ইলেকট্রিক যানে আকাশছোঁয়া ডিসকাউন্ট দিচ্ছে। মুম্বইয়ের ডিলাররা এই স্কুটারের স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট ২.৫০ লক্ষ টাকা এবং হাইলাইন ভ্যারিয়েন্ট ৩ লক্ষ টাকা অন-রোড মূল্যে বিক্রি করছেন। এর অর্থ হল গ্রাহকরা এখন প্রায় ২ লক্ষ টাকারও বেশি সাশ্রয় করতে পারবেন। সাধারণত বিএমডব্লিউ-র মতো ব্র্যান্ডের ক্ষেত্রে এত বড় মাপের ছাড় সচরাচর দেখা যায় না।
BMW CE 02 বিরাট ছাড়ে কিনুন
বলে রাখা ভালো, এই আকর্ষণীয় অফারটি শুধুমাত্র স্টকে থাকা ইউনিটগুলির জন্যই প্রযোজ্য। ভারতের বিভিন্ন শহর যেমন দিল্লি, চেন্নাই এবং পুণেতে ইতিমধেই অনেক ডিলারের কাছে কোনো স্টক অবশিষ্ট নেই। তাই যারা এই প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটারটি কিনতে আগ্রহী, তাঁদের দ্রুত নিকটস্থ ডিলারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিটি শহরে ট্যাক্স এবং আনুষঙ্গিক খরচের কারণে ছাড়ের পরিমাণে সামান্য পার্থক্য হতে পারে। তাই ডিলারের কাছ থেকে সঠিক চূড়ান্ত দাম জেনে নেওয়া জরুরি।
ডিজাইনের দিক থেকে বিএমডব্লিউ সিই ০২ (BMW CE 02) ভারতের বাজারে থাকা অন্যতম অনন্য এবং নজরকাড়া ইলেকট্রিক যান। যদিও এর আসল দাম অনেকের কাছেই খুব বেশি মনে হয়েছিল, তবে বর্তমান ডিসকাউন্টের পর এটি অনেকটাই সাশ্রয়ী হয়ে উঠেছে। এই ইলেকট্রিক স্কুটারে একটি এয়ার-কুলড সিঙ্ক্রোনাস মোটর ব্যবহার করা হয়েছে। এতে ৩.৯ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে। আইক্যাট (ICAT) শংসাপত্র অনুযায়ী এটি একবার ফুল চার্জ দিলে ১০৮ কিলোমিটার পর্যন্ত পথ চলতে পারে। সাধারণ ০.৯ কিলোওয়াট চার্জার দিয়ে চার্জ দিলে ব্যাটারি পূর্ণ হতে ৫ ঘণ্টা ১২ মিনিট সময় লাগে। অন্যদিকে ১.৫ কিলোওয়াট ফাস্ট চার্জার ব্যবহার করলে মাত্র ৩ ঘণ্টা ৩০ মিনিটে চার্জ সম্পন্ন হয়। এই বৈদ্যুতিক স্কুটারের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯৬ কিলোমিটার।
ফিচারের দিক থেকে বিএমডব্লিউ কোনো কার্পণ্য করেনি। এর স্ট্যান্ডার্ড মডেলে অল-এলইডি লাইটিং, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট এবং কি-লেস অপারেশনের সুবিধা রয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য সিঙ্গেল চ্যানেল এবিএস (ABS), স্ট্যাবিলিটি কন্ট্রোল এবং অ্যান্টি-থেফট অ্যালার্ম দেওয়া হয়েছে। এতে ‘ফ্লো’ এবং ‘সার্ফ’ নামে দুটি রাইডিং মোড এবং একটি ৩.৫ ইঞ্চি মাইক্রো টিএফটি ডিসপ্লে পাওয়া যাবে। রিভার্স মোড থাকায় সরু জায়গায় পার্কিং করাও অনেক সহজ হবে।
আরও পড়ুন: Nissan Gravite বাজারে এল, টাটা ও রেনো-কে টেক্কা দিতে হাজির দুর্ধর্ষ ফিচারের বাজেট ৭-সিটার
যারা আরও উন্নত ফিচার চান, তাঁদের জন্য রয়েছে হাইলাইন প্যাকেজ। এই প্যাকেজে অতিরিক্ত একটি ‘ফ্ল্যাশ’ রাইডিং মোড দেওয়া হয়েছে। গোল্ডেন অ্যানোডাইজড ফর্ক এবং তিন রঙের সিট এই মডেলটিকে আরও প্রিমিয়াম লুক দেয়। অতিরিক্ত সুবিধা হিসেবে এতে হিটেড গ্রিপস, স্মার্টফোন হোল্ডার এবং কানেক্টিভিটি ফিচার পাওয়া যাবে। হাইলাইন ভ্যারিয়েন্টের সঙ্গে ১.৫ কিলোওয়াট ফাস্ট চার্জারটি বিনামূল্যে দেওয়া হয়। এই বিশাল ছাড়ের পর যারা শহরে স্টাইলিশ এবং পরিবেশবান্ধব যাতায়াত মাধ্যম খুঁজছেন, তাঁদের জন্য বিএমডব্লিউ সিই ০২ (BMW CE 02) একটি সেরা বিকল্প হতে পারে।
