শীগগিরই ভারতের বাজারে আসছে মারুতি সুজুকি ব্রেজা’র নতুন সংস্করণ (Maruti Suzuki Brezza facelift)। মারুতি সুজুকি সেই ২০২২ সালে তাদের দ্বিতীয় প্রজন্মের ব্রেজা বাজারে এনেছিল। দীর্ঘ সময় পর এই জনপ্রিয় এসইউভি-টি এখন একটি বড় ধরনের ফেসলিফট আপডেট পেতে চলেছে। সম্প্রতি ভারতীয় রাস্তায় মারুতি ব্রেজা ফেসলিফটকে পরীক্ষা চলাকালীন দেখা গিয়েছে। গাড়িটির আপাদমস্তক ক্যামোফ্লেজ দ্বারা ঢাকা অবস্থায় ছিল। মারুতি ক্রেতাদের চমক দিতে এবারে গাড়িটি নতুন ইঞ্জিনের সঙ্গে আনছে। শক্তি বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে।
৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স পাচ্ছে (Maruti Suzuki Brezza facelift)
ফাঁস হওয়া ছবিগুলিতে সবচেয়ে নজরকাড়া বিষয়টি হল গাড়ির (Maruti Suzuki Brezza facelift) গিয়ার লিভার। এতে একটি নির্দিষ্ট শিফট প্যাটার্ন দেখা গিয়েছে যা স্পষ্ট করে দিচ্ছে যে নতুন ব্রেজাতে ৫-স্পিডের বদলে ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স আসতে চলেছে। বর্তমানে মারুতির বেশির ভাগ ম্যানুয়াল গাড়িতে ৫-স্পিড গিয়ারবক্স থাকে। এই অতিরিক্ত গিয়ারটি হাইওয়েতে গাড়ি চালানোর সময় আরও মসৃণ অভিজ্ঞতা দেবে এবং ইঞ্জিনের ওপর চাপ কমিয়ে জ্বালানি সাশ্রয় বা মাইলেজ বাড়াতে সাহায্য করবে। মেকানিক্যাল দিক থেকে এতে বর্তমানের ১.৫ লিটার ফোর-সিলিন্ডার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনটিই থাকার সম্ভাবনা বেশি, যা ১০৩ পিএস শক্তি এবং ১৩৭ এনএম টর্ক উৎপাদন করে। এছাড়া ৬-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক অপশনটিও বজায় থাকবে।
ডিজাইন
আবৃত অবস্থায় থাকায় গাড়ির বাইরের নকশা পুরোপুরি বোঝা না গেলেও এর বডি স্ট্রাকচার সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে। এটি আগের মতোই বক্সি ডিজাইন সহ আসছে। তবে ফেসলিফট মডেলে নতুন ডিজাইনের ফ্রন্ট এবং রিয়ার বাম্পার, নতুন স্টাইলের হেডলাইট এবং টেললাইট দেখা যাবে। এছাড়া এতে নতুন ডিজাইনের ১৬-ইঞ্চি অ্যালয় হুইল, ইন্টিগ্রেটেড স্পয়লার, শার্প এলইডি ডিআরএল এবং রুফ রেইলসের মতো বৈশিষ্ট্য যুক্ত হবে। পেছনের দিকে আধুনিক কানেক্টেড এলইডি টেল ল্যাম্পের সেটআপ থাকতে পারে যা বর্তমানে বেশ জনপ্রিয়।
আধুনিক ইন্টেরিয়র ও নতুন ফিচার
গাড়ির ভেতরের লেআউট অনেকটা আগের মতোই থাকবে, তবে বেশ কিছু প্রিমিয়াম আপডেট দেওয়া হচ্ছে। স্পাই ইমেজ অনুযায়ী, নতুন মডেলে বর্তমানের ৯-ইঞ্চির বদলে একটি বড় ১০.১-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম দেখা যেতে পারে। এছাড়া কেবিনকে আরও সতেজ দেখাতে নতুন রঙের আপহোলস্ট্রি এবং নতুন ডিজাইনের কনসোল ব্যবহার করা হবে। অন্যান্য ফিচারের মধ্যে থাকবে ওয়্যারলেস অ্যাপেল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো, কানেক্টেড কার টেকনোলজি, ওয়্যারলেস চার্জিং এবং একটি প্রিমিয়াম সাউন্ড সিস্টেম।
আরও পড়ুন: ইন্টেরিয়রে বড় বদল নিয়ে আসছে Hyundai Verna Facelift, দাম কত হতে পারে?
আরামদায়ক ভ্রমণের জন্য মারুতি সুজুকি ব্রেজা’র নতুন সংস্করণে (Maruti Suzuki Brezza facelift) ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, সিঙ্গেল প্যান ইলেকট্রিক সানরুফ, ক্রুজ কন্ট্রোল, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এবং অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের মতো সুবিধা থাকবে। নিরাপত্তার জন্য আগের মতোই হেডস-আপ ডিসপ্লে এবং ৩৬০-ডিগ্রি ক্যামেরা সিস্টেম থাকবে। এছাড়া সিএনজি ভ্যারিয়েন্টের ক্ষেত্রে বুট স্পেস বা ডিকিতে জায়গা বাড়াতে মারুতির নতুন ‘আন্ডারবডি সিএনজি ট্যাঙ্ক’ প্রযুক্তি ব্যবহার করা হতে পারে, যা সম্প্রতি মারুতির অন্যান্য মডেলেও দেখা গিয়েছে।
