Oppo K14 Turbo: ফেব্রুয়ারির প্রথমেই ক্রেতাদের জন্য বিশেষ চমক আনতে চলেছে ওপ্পো। গত বছর অগস্টে ভারতের বাজারে ওপ্পো কে-১৩ টার্বো এবং কে-১৩ টার্বো প্রো লঞ্চ করে হইচই ফেলে দিয়েছিল কোম্পানিটি। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার পরবর্তী প্রজন্ম অর্থাৎ ওপ্পো কে-১৪ সিরিজ নিয়ে বড় তথ্য ফাঁস হয়েছে অনলাইনে। সম্প্রতি কোম্পানি ঘোষণা করেছে, আগামী ১০ ফেব্রুয়ারি ভারতে ওপ্পো কে-১৪এক্স মডেলটি উন্মোচন করা হবে। তবে সবার নজর এখন এই সিরিজের সর্বাধিক শক্তিশালী দুটি ভেরিয়েন্ট – ওপ্পো কে-১৪ টার্বো এবং ওপ্পো কে-১৪ টার্বো প্রো-এর দিকে। যদিও কোম্পানি এখনও এই মডেলগুলির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, তবে নির্ভরযোগ্য সূত্রে এই ফোন দুটির সম্ভাব্য স্পেসিফিকেশন, মেমোরি এবং লঞ্চের সময়সীমা জনসমক্ষে চলে এসেছে।
Oppo K14 Turbo নামে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে
চিনের জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি অনুযায়ী, ওপ্পো কে-১৪ টার্বো সিরিজটি (Oppo K14 Turbo) সম্ভবত আগামী এপ্রিল মাসে চিনে আত্মপ্রকাশ করতে পারে। মজার বিষয়, এই ফোনগুলি চিনে ওপ্পো কে-১৫ টার্বো সিরিজ নামে পরিচিত হলেও আন্তর্জাতিক বাজারে কে-১৪ নামেই আসার সম্ভাবনা বেশি। ফাঁস হওয়া তথ্য অনুসারে, ওপ্পো কে-১৪ টার্বোতে থাকতে পারে ৬.৫৯ ইঞ্চির ডিসপ্লে। অন্যদিকে, প্রো মডেলটিতে থাকতে পারে কিছুটা বড় ৬.৭৮ ইঞ্চির স্ক্রিন। গেমারদের কথা মাথায় রেখে উভয় হ্যান্ডসেটেই ইন-বিল্ট অ্যাক্টিভ কুলিং ফ্যান থাকার সম্ভাবনা রয়েছে। যা দীর্ঘক্ষণ গেমিং বা ভারী কাজ করার সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবে।
পারফরম্যান্সের দিক থেকে ওপ্পো এই সিরিজে (Oppo K14 Turbo) কোনো আপস করছে না। জানা গিয়েছে, এই মডেলগুলিতে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ সিরিজের প্রসেসর। সুনির্দিষ্টভাবে বলতে গেলে, ৩ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট এই ডিভাইসের চালিকাশক্তি হতে পারে। মেমোরির ক্ষেত্রেও থাকছে একাধিক বিকল্প। ফোনগুলি ১২ জিবি র্যামের সঙ্গে ২৫৬ জিবি বা ৫১২ জিবি স্টোরেজ এবং সর্বোচ্চ ১৬ জিবি র্যামের সাথে ৫১২ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে। সাদা, ধূসর, গোলাপি এবং ফোর্জড কার্বন – এই চারটি আকর্ষণীয় রঙে বাজারে আসতে পারে। এগুলির ওজন প্রায় ২০১ গ্রামের আশেপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ফ্রি-তে মিলবে JioHotstar, মাত্র ৪৪ টাকায় এক মাস ওটিটি দেখার সুযোগ
প্রসঙ্গত, গত বছর লঞ্চ হওয়া ওপ্পো কে-১৩ টার্বো এবং কে-১৩ টার্বো প্রো মডেল দুটি ভারতে বেশ জনপ্রিয় হয়েছিল। তখন বেস ভেরিয়েন্টের দাম শুরু হয়েছিল যথাক্রমে ২৭,৯৯৯ টাকা এবং ৩৭,৯৯৯ টাকা থেকে। সেই ফোনগুলিতেও ৭,০০০ স্কোয়্যার মিলিমিটার ভেপার কুলিং চেম্বারের সাথে কুলিং ফ্যান ছিল। কে-১৩ সিরিজে ছিল ৬.৮০ ইঞ্চির ১.৫-কে অ্যামোলেড ডিসপ্লে এবং ১৬০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস। প্রসেসর হিসেবে সাধারণ মডেলে ছিল ডাইমেনসিটি ৮৪৫০ এবং প্রো মডেলে ছিল স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট। এবার নতুন কে-১৪ সিরিজে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০-এর অন্তর্ভুক্তি পারফরম্যান্সকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ওপ্পো ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ১০ ফেব্রুয়ারির উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। সেদিন এই টার্বো সিরিজের ভারত সফরের বিষয়ে আরও স্বচ্ছ ধারণা মিলতে পারে।
