chatgpt integrated to carplay

অ্যাপল কার-প্লে (Apple CarPlay) ব্যবহারকারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। জনপ্রিয় এআই অ্যাপ চ্যাটজিপিটি (ChatGPT) এবার এই প্ল্যাটফর্মে উপলব্ধ হল। প্রথম বড় কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অ্যাপ হিসেবে চ্যাটজিপিটি এখন গাড়ির ড্যাশবোর্ডে সরাসরি ব্যবহার করা যাবে। এর ফলে চালকরা স্টিয়ারিংয়ে হাত না রেখেই ভয়েস কমান্ডের মাধ্যমে চ্যাটবটের সাথে কথোপকথন চালিয়ে যেতে পারবেন। গত সপ্তাহে অ্যাপল তাদের আইওএস ২৬.৪ (iOS 26.4) আপডেট প্রকাশ করেছে। এর পর থেকেই এই সুবিধা চালু হয়েছে। এই নতুন আপডেটে অ্যাপল বিশেষ অনুমতির মাধ্যমে তৃতীয় পক্ষের (থার্ড পার্টি) ‘ভয়েস-বেসড কনভারসেশনাল অ্যাপ’ ব্যবহারের সুযোগ করে দিয়েছে। এর পরেই চ্যাটজিপিটি কর্তৃপক্ষ তাদের অ্যাপটিকে কার-প্লে-র উপযোগী করে আপডেট করেছে। চলুন কীভাবে কাজ করবে জেনে নেওয়া যাক।

কার-প্লে-তে ChatGPT যেভাবে কাজ করবে

ম্যাক-রিউমার্সের একটি প্রতিবেদন অনুযায়ী কার-প্লে-তে এআই অ্যাপগুলির ব্যবহার শুধুমাত্র ভয়েসেই মধ্যেই সীমাবদ্ধ থাকবে। গাড়ি চালানোর সময় নিরাপত্তার খাতিরে চ্যাটজিপিটি (ChatGPT) কোনো টেক্সট বা ছবি ড্যাশবোর্ডে প্রদর্শন করবে না। অ্যাপল তাদের ডেভেলপার গাইডে স্পষ্ট জানিয়েছে যে এই ধরনের অ্যাপগুলিকে চালুর পর থেকেই ভয়েস মোডে কাজ করতে হবে। চ্যাটজিপিটির কার-প্লে সংস্করণটি ফোনের ভয়েস মোডের মতোই অনেকটা কাজ করে। ব্যবহারকারীরা প্রশ্ন করলে এআই মৌখিকভাবে তার উত্তর প্রদান করবে। নাইন-টু-ফাইভ-ম্যাকের রিপোর্ট অনুযায়ী অ্যাপটির ওপরের বাম কোণে একটি ‘এন্ড’ বাটন এবং ডান কোণে মিউট বাটন নজরে পড়বে।

আরও পড়ুন: Vivo Y21 5G ও Y11 5G লঞ্চ হল ভারতে, মিলবে শক্তিশালী ব্যাটারি ও ৫জি পরিষেবা

ব্যবহারকারীরা চাইলে চ্যাটজিপিটি-র সাথে তাঁদের পুরনো কথোপকথনের ইতিহাসও দেখে নিতে পারেন। তবে ওই দুটি বাটন ছাড়া বাকি সমস্ত কাজ শুধুমাত্র ভয়েসের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যাবে। নতুন এই চ্যাটজিপিটি অ্যাপটি ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেও এটি এখনও আইফোন বা গাড়ির অভ্যন্তরীণ কোনো কাজ নিয়ন্ত্রণ করতে পারে না। এছাড়া এই অ্যাপটি চালু করার জন্য কোনো নির্দিষ্ট সংকেত শব্দ নেই। অর্থাৎ কথা শুরু করার আগে ব্যবহারকারীকে ম্যানুয়ালি কার-প্লে ডিসপ্লেতে থাকা চ্যাটজিপিটি আইকনটিতে ট্যাপ করতে হবে। এরপর থেকেই সম্পূর্ণ হ্যান্ডস-ফ্রি কনভারসেশন চালানো সম্ভব হবে।

কীভাবে আপনার গাড়িতে চ্যাটজিপিটি সক্রিয় করবেন

আপনার গাড়িতে চ্যাটজিপিটি ব্যবহার করতে হলে প্রথমেই আইফোনটিকে আইওএস ২৬.৪ ভার্সনে আপডেট করতে হবে। এরপর অ্যাপ স্টোর থেকে চ্যাটজিপিটি অ্যাপের সর্বশেষ সংস্করণ ডাউনলোড বা আপডেট করে নিন। ফোনটি আপডেট হয়ে গেলে সেটিকে কার-প্লে সমর্থিত গাড়ির সাথে সংযুক্ত করুন। কানেক্ট হয়ে গেলে গাড়ির ডিসপ্লেতে চ্যাটজিপিটি আইকন শো করবে। সেই আইকনে একবার ট্যাপ করলেই অ্যাপটি সক্রিয় হবে এবং আপনি কথা বলা শুরু করতে পারবেন। ড্রাইভিংয়ের সময় তথ্য জানা বা কোনো বিষয়ে আলোচনার জন্য এটি চালকদের নানাভাবে সাহায্য করবে।

প্রসঙ্গত, চ্যাটজিপিটি (ChatGPT) অ্যাপল কার-প্লে-তে চলে আসলেও অ্যান্ড্রয়েড অটো-তে এটি কবে আসবে তা নিয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে গুগল ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড অটো-তে তাদের নিজস্ব এআই ‘জেমিনি’ ব্যবহারের সুযোগ দিচ্ছে। জেমিনির মাধ্যমেও মেসেজ সারাংশ করা বা নেভিগেশনের মতো কাজগুলি হ্যান্ডস-ফ্রি মোডে করা যায়। বর্তমানে চ্যাটজিপিটির এই অন্তর্ভুক্তি আইফোন ব্যবহারকারীদের জন্য এক বড় পাওনা। এর ফলে যাতায়াতের সময় তথ্য আদান-প্রদান আরও সহজ এবং নিরাপদ হবে বলে মনে করা হচ্ছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন যে ভবিষ্যতে এআই চ্যাটবটগুলি গাড়ির আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved