বলিপাড়ায় আতঙ্কের মেঘ যেন কাটছেই না। রবিবার রাত পৌনে একটা নাগাদ বিখ্যাত পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) জুহুর বাসভবনে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীদের ছোড়া পাঁচ রাউন্ড গুলির মধ্যে একটি আবাসন সংলগ্ন জিমের কাচের দেওয়ালে গিয়ে বিঁধেছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় এর দায় স্বীকার করে নিল লরেন্স বিষ্ণোই গ্যাং।
পুণে থেকে পাঁচজন আটক (Rohit Shetty)
ঘটনার তদন্তে নেমে দ্রুত পদক্ষেপ নিয়েছে পুলিশ। পুণের ধয়ারি ও কার্ভেনগর এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। ধৃতদের নাম আমন আনন্দ মারোতে, আদিত্য জ্ঞানেশ্বর গায়কি, সিদ্ধার্থ দীপক যেনপুরে, সমর্থ শিবশরণ পোমাজি এবং স্বপ্নীল সকত। তাদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় হুমকির বন্যা
শুশুভম লোঙ্কে ওরফে ‘আরজো বিষ্ণোই’ নামে এক ব্যক্তি ঘটনার দায় স্বীকার করে একটি পোস্ট করেছেন। সেখানে লেখা হয়েছে, “পরিচালক রোহিত শেট্টিকে (Rohit Shetty) আমরা বারবার আমাদের কাজে নাক না গলাতে বারণ করেছিলাম। কিন্তু তিনি শোনেননি।” পোস্টে আরও ভয়াবহ হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয়েছে, “এটি কেবল একটা ঝলক ছিল। এর পর আর বাড়ির বাইরে নয়, পরের গুলি চলবে শোয়ার ঘরে এবং সরাসরি তাঁর বুকে গিয়ে বিঁধবে।”
আরও পড়ুন: ভাইজানের পর এবার রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে চলল গুলি, নেপথ্যে কারা?
বলিউডকে সরাসরি সতর্কবার্তা বিষ্ণোই গ্যাংয়ের
এই পোস্ট কেবল রোহিত শেট্টি (Rohit Shetty) নয়, গোটা বলিউডকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, “নিজেদের পথ ঠিক করো। নইলে তোমাদের অবস্থা বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে।” উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবর মাসে প্রকাশ্যে নেতা বাবা সিদ্দিকিকে হত্যার দায়ও স্বীকার করেছিল এই গোষ্ঠী। এদিকে লরেন্স বিষ্ণোইয়ের দল গত কয়েকমাস ধরে সলমন খান এবং তাঁর ঘনিষ্ঠদের লাগাতার হুমকি দিয়ে আসছে। এবার রোহিত শেট্টির ওপর হামলা এবং এই চরম হুঁশিয়ারি মুম্বই পুলিশের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মুম্বইয়ের হাই-প্রোফাইল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা এখন আরও জোরদার করা হয়েছে।
