Vivo V70: স্মার্টফোন প্রেমীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল ১৯ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো-র নতুন ফ্ল্যাগশিপ সিরিজ। ভিভো ভি৭০ সিরিজে মোট দুটি মডেল থাকবে যা হল ভিভো ভি৭০ এবং ভিভো ভি৭০ এলিট। অ্যামাজন ইন্ডিয়াতে ইতিমধ্যেই এই ফোনগুলির জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। সেখান থেকে ফোনটির ব্যাটারি, ডিসপ্লে এবং ক্যামেরা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ভিভো দাবি করেছে যে, ৫০ হাজার টাকার কমের সেগমেন্টে এই ফোনেই সবচেয়ে পাতলা বেজেল দেখা যাবে।
Vivo V70: দাম ও ভ্যারিয়েন্ট
জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদবের দেওয়া তথ্য অনুযায়ী ভিভো ভি৭০ (Vivo V70) মডেলের ৮জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৪৫,৯৯৯ টাকা। অন্যদিকে এর ১২জিবি ও ২৫৬জিবি মডেলটির দাম রাখা হতে পারে ৪৯,৯৯৯ টাকা। এই ফোনটি প্যাশন রেড এবং লেমন ইয়েলো রঙে পাওয়া যাবে। প্রিমিয়াম মডেল ভিভো ভি৭০ এলিট-এর দাম শুরু হতে পারে ৫১,৯৯৯ টাকা থেকে। এর সর্বোচ্চ ১২জিবি র্যাম ও ৫১২জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬১,৯৯৯ টাকা পর্যন্ত হতে পারে। এলিট মডেলটি প্যাশন রেড, স্যান্ড বেইজ এবং অথেন্টিক ব্ল্যাক শেডে উপলব্ধ হবে। ১২ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ফোনটির প্রি-বুকিং চলবে এবং ২৫ ফেব্রুয়ারি থেকে এর সেল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
পারফরম্যান্স ও ডিসপ্লে
ভিভো ভি৭০ এলিট মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে। স্ট্যান্ডার্ড মডেলে থাকবে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপ। এই সিরিজের ফোনগুলোতে ৬.৫৯ ইঞ্চির ১.৫কে ডিসপ্লে থাকবে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। সবথেকে বড় চমক হল এর ১.২৫ এমএম বেজেল যা ব্যবহারকারীকে এক অনন্য স্ক্রিন অভিজ্ঞতা দেবে। কোম্পানি দাবি করেছে যে এই ফোনটি ৬ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়ার যোগ্য হবে।
আরও পড়ুন: ১০৩ টাকায় রিচার্জ করে মাসভর পেয়ে যান JioHotstar সহ একগুচ্ছ ওটিটি সাবস্ক্রিপশন
ব্যাটারি ও ক্যামেরা
চার্জিং এবং ব্যাকআপের ক্ষেত্রে ভিভো এবার বড় চমক দিচ্ছে। এই সিরিজে (Vivo V70) ৬৫০০mAh-এর বিশাল ব্যাটারি থাকবে যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানি দাবি করেছে এই ব্যাটারিতে টানা ১৩ ঘণ্টা গেমিং এবং ৬ ঘণ্টা পর্যন্ত ৪কে ভিডিও রেকর্ডিং করা যাবে। ক্যামেরা সেকশনে থাকছে জাইস (ZEISS) পাওয়ারড ৫০ মেগাপিক্সেল সনি IMX882 প্রাইমারি সেন্সর। সাথে থাকবে ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং একটি আল্ট্রাওয়াইড লেন্স। সেলফি তোলার জন্য সামনে থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে ভারত এক্সক্লুসিভ ‘এআই হোলি পোর্ট্রেট’ মোড এবং এআই ম্যাজিক ওয়েদারের মতো আধুনিক ফিচার থাকবে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং দেওয়া হয়েছে।
