ভারতীয় বাজারে নতুন প্রজন্মের কেটিএম ডিউক ২০০ (2026 KTM 200 Duke) লঞ্চ হল। নতুন এই মডেলটির দাম রাখা হয়েছে ১,৯৩,৮৫৪ টাকা। এই আপডেটের সবচেয়ে বড় আকর্ষণ হল নতুন ‘আটলান্টিক ব্লু’ কালার স্কিম, যা এই স্ট্রিটফাইটার বাইকটিকে আগের চেয়ে অনেক বেশি আধুনিক ও তীক্ষ্ণ রূপ দিয়েছে। তবে কেবল রঙের পরিবর্তনই নয় এই মোটরসাইকেলে বেশ কিছু যান্ত্রিক বদলও আনা হয়েছে, যা পারফরম্যান্সের ক্ষেত্রে প্রভাব ফেলবে। চলুন বাইকটির সম্পর্কে বিশদে জেনে নিই।
2026 KTM 200 Duke-এর কালার ও হার্ডওয়্যার
আটলান্টিক ব্লু রঙের সঙ্গে এই বাইকে কমলার ছোঁয়া রাখা হয়েছে যা ব্র্যান্ডের আগ্রাসী ডিজাইন ফুটিয়ে তোলে। বাইকের চাকাগুলি এখন কালো রঙে শোভিত এবং সাদা রঙে ডিউকের ব্র্যান্ডিং করা। বাইকের মেইন ফ্রেমটি গ্লস ব্ল্যাক বা চকচকে কালো রঙের হলেও পেছনের সাব-ফ্রেমটি রাখা হয়েছে কমলা কালারের। এই রঙের বৈপরীত্য বাইকটিকে রাস্তায় চলাচলের সময় দারুণ এক দৃশ্যমান সৌন্দর্য দান করে।
২০২৬ মডেলের ২০০ ডিউকে (2026 KTM 200 Duke) এবার ৩৯০ ডিউক থেকে নেওয়া নতুন অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে। এই চাকাগুলি আগের তুলনায় ওজনে হালকা এবং এতে ব্রেক ক্যালিপারের নকশাও পরিবর্তন করা হয়েছে। বাইকের সামনের ডিস্ক ব্রেকটির আকার ৩০০ মিমি থেকে বাড়িয়ে ৩২০ মিমি করা হয়েছে যা ব্রেকিং ক্ষমতাকে আরও উন্নত করবে। এতে ডুয়েল চ্যানেল এবিএস-এর পাশাপাশি সুপারমটো এবিএস সুবিধা বজায় রাখা হয়েছে যার মাধ্যমে রাইডার চাইলে পেছনের চাকার এবিএস বন্ধ রাখতে পারবেন।
আরও পড়ুন: 2026 Toyota Fortuner আসছে নতুন অবতারে, এবারের মডেলটি আরও বেশি আধুনিক!
যান্ত্রিক পরিবর্তনের তালিকায় অন্যতম বড় বদল হল এর সামনের সাসপেনশন। আগে যেখানে ৪৩ মিমি-র ফর্ক ব্যবহার করা হতো এখন সেখানে ৩৭ মিমি-র ডব্লিউপি অ্যাপেক্স আপসাইড-ডাউন ফর্ক দেওয়া হয়েছে। এছাড়া পেছনের গ্র্যাব রেল এবং ফুটপেগ নতুন করে ডিজাইন করা হয়েছে। পেছনের টায়ারের প্রস্থও ১৫০ সেকশন থেকে কমিয়ে ১৪০ সেকশন করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে এই পরিবর্তনগুলির ফলে বাইকটির ওজন কিছুটা কমবে যা এর পারফরম্যান্স এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
ইঞ্জিন
বাইকটির ইঞ্জিনে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। এতে আগের মতোই ১৯৯ সিসি লিকুইড-কুলড ইঞ্জিন রয়েছে যা ১০,০০০ আরপিএম-এ ২৫ পিএস শক্তি এবং ৮,০০০ আরপিএম-এ ১৯.৩ এনএম টর্ক উৎপাদন করে। ইঞ্জিনটির সঙ্গে ৬-স্পিড গিয়ারবক্স যুক্ত করা হয়েছে তবে দুঃখের বিষয় হল এতে এখনও কুইকশিফটার সুবিধা দেওয়া হয়নি। পারফরম্যান্স প্রেমীদের জন্য এই ইঞ্জিনটি দীর্ঘ সময় ধরেই বাজারে বেশ জনপ্রিয়।
ফিচারের ক্ষেত্রে ২০০ ডিউকে (2026 KTM 200 Duke) আগের আপডেটে যুক্ত করা টিএফটি ইনস্ট্রুমেন্ট কনসোলটিই বজায় রাখা হয়েছে। এই ডিসপ্লেতে ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা পাওয়া যাবে যার মাধ্যমে রাইডার তাঁর স্মার্টফোন যুক্ত করতে পারবেন। তবে আধুনিক অনেক বাইকে ক্রুজ কন্ট্রোল বা ট্র্যাকশন কন্ট্রোলের মতো ফিচার থাকলেও কেটিএম ২০০ ডিউকে এই সুবিধাগুলি এখনও অনুপস্থিত। নতুন রঙ এবং ওজনে হালকা হওয়ায় এই বাইকটি তরুণ প্রজন্মের কাছে আগের মতোই পছন্দের তালিকায় শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।
