Renault Duster বহু মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে নতুন অবতারে ফিরল। দীর্ঘ তিন বছর পর ভারতের বাজারে এই জনপ্রিয় এসইউভি মডেলটি এল। উল্লেখ্য, দেশের বাজারে ডাস্টারের দ্বিতীয় প্রজন্মের মডেলটি কখনও লঞ্চ করা হয়নি। নতুন ডাস্টার-এর দাম ১০.২৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। তবে এই বিশেষ মূল্য শুধুমাত্র আগামী ৩১ মার্চ পর্যন্ত আর-পাস (R-Pass) ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। এর পরে গাড়িটির শুরুর দাম বেড়ে দাঁড়াবে ১০.৪৯ লক্ষ টাকা। শক্তিশালী ডিজাইন এবং আধুনিক ফিচারের মেলবন্ধনে তৈরি এই গাড়ি ইতিমধ্যেই ফোর হহুইলার প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।
Renault Duster-এর প্রত্যাবর্তন
গাড়িটির বুকিং এবং ডেলিভারি সংক্রান্ত তথ্য অনুযায়ী ২১,০০০ টাকার বিনিময়ে ছোট ইঞ্জিনের মডেলটির প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। টার্বো পেট্রোল ইঞ্জিনের ডেলিভারি আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হবে। অন্যদিকে যারা স্ট্রং হাইব্রিড সংস্করণটি কিনতে চান তাঁদের দীপাবলি পর্যন্ত অপেক্ষা করতে হবে। রেনো জানিয়েছে যে মোট বুকিংয়ের ৯১ শতাংশই এসেছে টিসিই ১৬০ টার্বো পেট্রোল ইঞ্জিনের জন্য। তবে হাইব্রিড ইঞ্জিনের প্রি-বুকিং আপাতত বন্ধ রাখা হয়েছে। এই গাড়ির সাথে কোম্পানি সাত বছরের ওয়ারেন্টি দেওয়ার ঘোষণাও করেছে, যা গ্রাহকদের জন্য একটি বড় পাওনা।
আরও পড়ুন: সাশ্রয়ী দামে অরবিটার ভি১ আনল টিভিএস, ব্যাটারি সাবস্ক্রিপশন অনেক সস্তা
নতুন রেনো ডাস্টার (Renault Duster) মোট পাঁচটি ভেরিয়েন্টে বাজারে আনা হয়েছে। এগুলি হল – অথেনটিক, ইভোলিউশন, টেকনো, টেকনো প্লাস এবং আইকনিক। বেস মডেল অথেনটিক বাদে বাকি সব ভেরিয়েন্টেই হাইব্রিড ইঞ্জিন পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে একাধিক ইঞ্জিন অপশন রয়েছে। এর টার্বো টিসিই ১৬০ পেট্রোল ইঞ্জিনটি ১৬৩ পিএস শক্তি এবং ২৮০ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। এতে ছয় স্পিডের ওয়েট ক্লাচ ডিসিটি গিয়ারবক্স দেওয়া হয়েছে। এছাড়া ১.৮ লিটারের ই-টেক ১৬০ স্ট্রং হাইব্রিড সেটআপ রয়েছে যা শহরের রাস্তায় ৮০ শতাংশ সময় ব্যাটারিতে চলতে পারবে। সাধারণ ব্যবহারের জন্য ১০০ পিএস শক্তির টিসিই ১০০ পেট্রোল ইঞ্জিনও উপলব্ধ রয়েছে।
নকশার দিক থেকে নতুন ডাস্টার আগের মতোই পেশিবহুল এবং বক্সি লুক ধরে রেখেছে। তবে এতে বেশ কিছু আধুনিক পরিবর্তন আনা হয়েছে। ভারতীয় মডেলটিতে গ্লোবাল ভার্সনের তুলনায় আলাদা হেডল্যাম্প এবং কানেক্টেড এলইডি টেল ল্যাম্প দেওয়া হয়েছে। গাড়ির সামনে রেনোর বড় লোগো এবং মাসকুলার হুইল আর্চ একে একটি প্রিমিয়াম লুক দেয়। রুফ রেল এবং চওড়া বাম্পার গাড়িটির এসইউভি চরিত্রকে আরও ফুটিয়ে তুলেছে। ইন্টেরিয়র বা কেবিনটিও বেশ আধুনিক এবং আরামদায়ক করা হয়েছে।
গাড়ির ভেতরে ১০.২ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ১০ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। এতে গুগল অ্যাসিস্ট্যান্টের সুবিধাও পাওয়া যাবে। এছাড়া প্যানোরামিক সানরুফ, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ওয়্যারলেস চার্জিং এবং ভেন্টিলেটেড ফ্রন্ট সিটের মতো লাক্সারি ফিচার যুক্ত করা হয়েছে। নিরাপত্তার জন্য এতে ১৭টি ফিচারের অ্যাডাস (ADAS) স্যুট এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরা রয়েছে। দীর্ঘ ভ্রমণের জন্য এতে ৭০০ লিটারের বিশাল বুট স্পেস দেওয়া হয়েছে। সব মিলিয়ে মধ্যবিত্তের বাজেটে একটি শক্তিশালী এবং স্টাইলিশ এসইউভি হিসেবে ডাস্টার (Renault Duster) আবারও বাজার মাত করতে তৈরি।
Watch the live event revealing the price of new Renault Duster. Save the date: 17.03.2026 at 11am.#Renault #Duster #PriceReveal pic.twitter.com/aqhf0VSacE
— Renault India (@RenaultIndia) March 16, 2026
