ভারতের মোটরসাইকেল বাজারে বড়সড় রদবদল ঘটিয়ে বাজাজ অটো তাদের জনপ্রিয় ফ্ল্যাগশিপ বাইক ডোমিনার ৪০০-এর একটি নতুন সংস্করণ (350cc Bajaj Dominar) লঞ্চ করল। মূলত ৩৫০ সিসি-র বেশি ক্ষমতার ইঞ্জিনের ওপর বর্ধিত জিএসটি-র বোঝা এড়াতে কোম্পানি এই পন্থা অবলম্বন করেছে। নতুন এই ডোমিনার ৪০০-এর দাম রাখা হয়েছে ২.০৩ লক্ষ টাকা (এক্স-শোরুম), যা আগের মডেলের তুলনায় প্রায় ৩৭,০০০ টাকা কম।
ডোমিনার ৪০০-এর (350cc Bajaj Dominar) বিশদ বৈশিষ্ট্য
২০২৫ সালের শেষদিকে ভারত সরকার মোটরসাইকেলের ওপর জিএসটি কাঠামোয় আমূল পরিবর্তন আনে। নতুন নিয়ম অনুযায়ী, ৩৫০ সিসি-র বেশি ইঞ্জিনের বাইকগুলিকে উচ্চতর ট্যাক্স ব্র্যাকেটে অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে ৩৭০ সিসি বা তার বেশি ক্ষমতার বাইকগুলির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল। এই সমস্যা সমাধানের জন্য বাজাজ তাদের ৩৭১ সিসি-র পুরনো ইঞ্জিনের ক্ষমতা কমিয়ে ৩৪৯ সিসি-তে নিয়ে এসেছে। এর ফলে বাইকটি এখন ১৮ শতাংশ জিএসটি স্ল্যাবের আওতায় পড়বে। যা আগে অনেক বেশি ছিল। মজার বিষয় হল, ইঞ্জিনের ক্ষমতা কমলেও ট্রায়াম্ফ রেঞ্জের মতোই বাজাজ এই বাইকের নাম থেকে ‘৪০০’ ব্যাজটি সরায়নি।
ইঞ্জিন বদলের ফলে পারফরম্যান্সেও কিছুটা হেরফের লক্ষ্য করা গিয়েছে। নতুন ৩৪৯ সিসি ইঞ্জিনটি (350cc Bajaj Dominar) ৯০০০ আরপিএম-এ ৪০ বিএইচপি শক্তি এবং ৭৫০০ আরপিএম-এ ৩৩.২ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। আগের মডেলের তুলনায় টর্ক কিছুটা কমলেও (আগে ছিল ৩৫ এনএম), সর্বোচ্চ শক্তি অর্থাৎ পিক পাওয়ার সামান্য বেড়েছে। বাইকটিতে আগের মতোই ৬-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের দিক থেকে এটি এখনও হাইওয়ে রাইডিংয়ের জন্য অত্যন্ত সাবলীল।
আরও পড়ুন: নতুন পালসার ১৮০-এখন আরও বেশি স্টাইলিশ, ডিজাইনের সঙ্গে বেড়েছে ক্ষমতাও
ইঞ্জিন আপডেট ছাড়া বাইকটির (350cc Bajaj Dominar) নকশা ও ফিচারে তেমন কোনো বড় হেরফের ঘটানো হয়নি। এটি আগের মতোই অরোরা গ্রিন এবং চারকোল ব্ল্যাক – এই দুটি রঙে পাওয়া যাবে। তবে ইঞ্জিনের ওজন কিছুটা কমায় বাইকটির মোট ওজন ৩ কেজি কমে এখন ১৯০ কেজি হয়েছে। চালকদের জন্য যা কিছুটা স্বস্তিদায়ক তো বটেই। এ ছাড়া ১৩ লিটার ফুয়েল ট্যাঙ্ক, ১৫৭ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং সাসপেনশন ও ব্রেকিং হার্ডওয়্যারে কোনো বদল ঘটানো হয়নি।
বাজাজ অটো সম্প্রতি তাদের ট্রায়াম্ফ ৪০০ সিরিজের ক্ষেত্রেও একই কৌশল অবলম্বন করেছিল। যেখানে ৩৫০ সিসি-র নিচের সংস্করণে দাম প্রায় ১১,০০০ টাকা পর্যন্ত কমেছিল। জিএসটি-র ধাক্কা সামাল দিতে বাজাজের এই ‘ডাউনসাইজিং’ নীতি মধ্যবিত্ত বাইক প্রেমীদের জন্য বেশ লাভজনক হিসেবে প্রমাণিত হচ্ছে। সস্তায় প্রিমিয়াম বাইকের অভিজ্ঞতা দেওয়ার এই লড়াইয়ে ডোমিনার ৪০০ আবারও নতুন করে বাজার দখলের প্রস্তুতি নিচ্ছে।
