কলকাতা শহরের নাগরিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে এবার শহরজুড়ে ক্লোজড সার্কিট ক্যামেরা বা সিসিটিভি (CCTV Camera in Kolkata) বসানোর দাবি উঠল। কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে এই প্রস্তাব আনা হয়েছে। ভোট পর্ব মিটতেই মাসের শেষ দিনে আয়োজিত এই অধিবেশনে ১২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গঙ্গোপাধ্যায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকায় নজরদারি বাড়ানোর লক্ষ্যে তাঁর এই প্রস্তাব ঘিরে অধিবেশনে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় বলে জানা গিয়েছে।
সিসিটিভি বসানোর জোরাল দাবি (CCTV Camera in Kolkata)
কাউন্সিলর রূপক গঙ্গোপাধ্যায় নাগরিক পরিষেবার পাশাপাশি সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে অধিবেশনে বলেন, ‘‘পুরসভা জল সরবরাহ, স্বাস্থ্য পরিষেবা ও রাস্তা রক্ষণাবেক্ষণের মতো নাগরিক পরিষেবায় দক্ষতার সঙ্গে কাজ করলেও বর্তমান সময়ে নাগরিক নিরাপত্তা আরও শক্তিশালী করা জরুরি।’’ তিনি আরও যোগ করেন যে, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে শহরকে নিরাপদ করার ওপর জোর দেওয়া এখন সময়ের দাবি। তাঁর মতে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নজরদারি ব্যবস্থাকে উন্নত করা প্রয়োজন।
আরও পড়ুন: সত্যনারায়ণ পুজোয় এই ৩টি ভুল করছেন না তো? পূর্ণ ফল পেতে জানুন সঠিক নিয়ম
বর্তমানে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ শহরের প্রধান রাস্তাগুলিতে সিসিটিভি বসিয়েছে (CCTV Camera in Kolkata), যা যানজট নিয়ন্ত্রণ ও দুর্ঘটনার তদন্তে অত্যন্ত সহায়ক প্রমাণিত হয়েছে। এই সফল উদ্যোগকে এবার ওয়ার্ড স্তরে ছড়িয়ে দেওয়ার প্রস্তাব দিয়ে রূপক গঙ্গোপাধ্যায় জানান যে, প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ চৌমাথা, বাজার এলাকা, স্কুল-কলেজের আশপাশ, পার্ক ও জনবহুল রাস্তায় উচ্চমানের সিসি ক্যামেরা বসানো প্রয়োজন। এই প্রকল্প বাস্তবায়নের জন্য তিনি একটি রূপরেখা তুলে ধরেন, যেখানে স্থানীয় পুলিশ ও পুরসভার মধ্যে তথ্যের আদানপ্রদান এবং একটি সমন্বিত নজরদারি ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে। এছাড়া, প্রকল্পের অর্থের যোগান দিতে সরকারি অনুদানের পাশাপাশি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি এবং স্থানীয় কাউন্সিলরদের সহযোগিতার কথাও তিনি উল্লেখ করেন।
পুরসভার এক আধিকারিক এই আলোচনার প্রেক্ষিতে জানান যে, জাতীয় অপরাধ নথিভুক্তি ব্যুরোর (NCRB) তথ্য অনুযায়ী কলকাতা ইতিমধ্যেই দেশের অন্যতম নিরাপদ শহর। তবে সুরক্ষাকে আরও এক ধাপ এগিয়ে নিতে বিশ্বের উন্নত শহর যেমন লন্ডন, নিউ ইয়র্ক ও সিঙ্গাপুরের উদাহরণ টেনে তিনি বলেন যে, ওইসব শহরের মতো বিস্তৃত সিসিটিভি নেটওয়ার্ক অপরাধ দমন ও জরুরি পরিষেবা ব্যবস্থাকে অনেক বেশি কার্যকর করবে। এর ফলে নাগরিকদের মধ্যে আস্থার পরিবেশ আরও দৃঢ় হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
কাউন্সিলর রূপকের এই দূরদর্শী প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন তৃণমূল কাউন্সিলরদের একটি বড় অংশ (CCTV Camera in Kolkata)। তাঁরা একসুরে বলেন, ‘‘যে কোনও আধুনিক ও প্রযুক্তিগত ভাবে উন্নত শহরে নিরাপত্তার জন্য সিসিটিভি এখন বাধ্যতামূলক বিষয়। তাই আমাদের সতীর্থ রূপক পুর অধিবেশনে যে প্রস্তাব দিয়েছে, তা আমরা পুরোপুরি সমর্থন করছি।’’ তবে এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে কলকাতাকে একটি সত্যিকারের স্মার্ট ও নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার এই উদ্যোগ এখন স্রেফ সময়ের অপেক্ষা।

