Samsung Galaxy S26 সিরিজের ফ্যান এডিশন (Fan Edition) S26 FE আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরে বাজারে আসার কথা রয়েছে। তবে আনুষ্ঠানিক লঞ্চের আগেই জার্মানির টেক ওয়েবসাইট উইনফিউচার.ডি-র একটি নতুন প্রতিবেদনে এই ফোনের স্ক্রিন, ক্যামেরা, ব্যাটারি, কানেক্টিভিটি, পরিমাপ ও স্টোরেজ ভ্যারিয়েন্টের মতো সমস্ত খুঁটিনাটি তথ্য ফাঁস হয়েছে। জানা গিয়েছে, গত বছরের Galaxy S25 ফোনে ব্যবহৃত এক্সিনস ২৫০০ চিপসেট এবং গ্যালাক্সি এস২৬ সিরিজের চেনা ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়েই এই ফোন বাজারে আসতে চলেছে।
Samsung Galaxy S26 FE-র সম্ভাব্য স্পেসিফিকেশন:
উইনফিউচার.ডি-র রিপোর্ট অনুযায়ী, সামস্যাংয়ের এই আপকামিং ডিভাইসে (Samsung Galaxy S26 FE) থাকছে একটি ৬.৭ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে, যার রেজোলিউশন ২,৩৪০x১,০৮০ পিক্সেল। এই স্ক্রিনে সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ রেট পাওয়া যাবে। সাধারণ ব্যবহারের সময় এর ব্রাইটনেস ১,২০০ নিটস এবং হাই-ব্রাইটনেস মোডে তা সর্বোচ্চ ১,৯০০ নিটস পর্যন্ত পৌঁছাতে পারবে বলে আশা করা হচ্ছে।
স্মার্টফোনটিতে ১০টি সিপিইউ কোর বিশিষ্ট এবং ৩.৩ গিগাহার্টজ ক্লক স্পিডের এক্সিনস ২৫০০ প্রসেসর ব্যবহার করা হতে পারে, যা গত বছর সামস্যাং তাদের গ্যালাক্সি এস২৫ মডেলেও ব্যবহার করেছিল। ফোনটি ৮ জিবি র্যামের সাথে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হতে পারে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক নতুন ‘One UI 9’ আউট-অফ-দ্য-বক্স মিলবে।
আরও পড়ুন: ২,০০০ টাকার বেশি ইউপিআই পাঠালেই ট্যাক্স? বড় পদক্ষেপ কেন্দ্রের!
ছবি তোলার জন্য Samsung Galaxy S26 FE-র পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এর মূল আকর্ষণ হল এফ/১.৮ অ্যাপারচার ও হার্ডওয়্যার ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এর সাথে থাকবে একটি এফ/২.২ অ্যাপারচারের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৩এক্স অপটিক্যাল জুম ও এফ/২.৪ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের টেলিমোটো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে এফ/২.২ অ্যাপারচারের ১২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হলেও এতে অটোফোকাস সুবিধা মিলবে না বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পিছনের ক্যামেরা সেটআপ থেকে ৩০ এফপিএস-এ ৮কে ভিডিও এবং সর্বোচ্চ ৬০ এফপিএস-এ ৪কে ভিডিও রেকর্ড করা সম্ভব হবে।
কানেক্টিভিটির দিক থেকে ফোনটিতে ব্লুটুথ ৫.৪, ওয়াই-ফাই ৬ এবং এনএফসি সাপোর্ট মিলবে। সামস্যাং এতে দুটি ন্যানো-সিম স্লটের সাথে এক বা একাধিক ই-সিম ব্যবহারের সুবিধা দেবে। ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য ফোনটিতে আইপি৬৮ রেটিং নিশ্চিত করা হতে পারে।
রিপোর্ট অনুযায়ী, ফোনটিতে ৪,৯০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হবে যা ৪৫ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং সাপোর্ট করবে। সাধারণ ব্যবহারে এই ব্যাটারি প্রায় ৫০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে এবং এপরেল ক্লাসিফিকেশন অনুযায়ী এটি ১,২০০ বার চার্জিং সাইকেল পূরণ করবে। সামস্যাং এই মডেলে একটি সিলিকন-কার্বন সেল প্রযুক্তি ব্যবহার করতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।
Samsung Galaxy S26 FE হ্যান্ডসেটটির ওজন মাত্র ১৯৩ গ্রাম এবং এর থিকনেস ৭.৪ মিমি। এটি গ্রাফাইট (ডার্ক গ্রে), পিস্তাশিও (লাইট গ্রিন) এবং ব্লুবেরি (লাইট ব্লু)—এই তিনটি আকর্ষণীয় ফিনিশিংয়ে উপলব্ধ হতে পারে। এর আউটলুক সম্পূর্ণ গ্যালাক্সি এস২৬ সিরিজের ডিজাইনের অনুকরণেই তৈরি।
সামস্যাং আগামী সেপ্টেম্বর মাসের শুরুতেই গ্যালাক্সি এস২৬ এফই লঞ্চ করতে পারে। পূর্ববর্তী লিক থেকে জানা গিয়েছে, ইউরোপের বাজারে এর আনুমানিক প্রস্তাবিত খুচরা মূল্য হতে পারে ৭৯৯ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮,০০০ টাকা)। তবে প্রতিবেদনটিতে সতর্ক করা হয়েছে যে, বর্তমান এই দামে গ্যালাক্সি এস২৬ প্লাস মডেলটি আরও ভালো বিকল্প হতে পারে। কারণ বাজারে সেটি প্রায় ৭০০ ইউরোতেই (প্রায় ৭৭,১০০ টাকা) মিলছে এবং তাতে বেশি স্টোরেজ, উন্নত ডিসপ্লে ও শক্তিশালী ক্যামেরা পাওয়ার সুযোগ রয়েছে।
