নতুন অবতার ও আকর্ষণীয় ফিচার্স নিয়ে ভারতীয় বাজারে লঞ্চ হল বহুল প্রতীক্ষিত নতুন বাজাজ পালসার ১২৫ এবং পালসার ১৫০ (New Bajaj Pulsar)। ভারতীয় অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থা বাজাজ তাদের নতুন পালসার ১২৫-এর প্রারম্ভিক এক্স-শোরুম দাম নির্ধারণ করেছে ৯২,৯৯০ টাকা এবং পালসার ১৫০-এর প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ১.১৫ লাখ টাকা। দুটি মডেলের ডিজাইনেই আনা হয়েছে লক্ষণীয় পরিবর্তন, যার মধ্যে ফিউয়েল ট্যাংককে আরও চওড়া করা হয়েছে, যা বাইক দুটিকে আরও পেশিবহুল ও চমৎকার লুক প্রদান করে।
নতুন বাজাজ পালসার লঞ্চ হল (New Bajaj Pulsar)
২০০১ সালে প্রথম বাজারে আসার পর থেকেই বাজাজ পালসার ভারতীয় বাইকপ্রেমীদের অন্যতম পছন্দের যান হয়ে উঠেছে। সময়ের সাথে সাথে এই পোর্টফোলিওতে ফুল-ফেয়ার্ড এবং নেকেড স্ট্রিট মোটরবাইক যুক্ত হয়ে এর পরিধি বিস্তৃত হয়েছে। উল্লেখ্য, বিশ্বজুড়ে বাজাজ ইতিমধ্যেই ২ কোটিরও বেশি পালসার বিক্রি করার মাইলফলক অর্জন করেছে।
২০২৬ বাজাজ পালসার ১২৫
নতুন বাজাজ পালসার ১২৫-এ (New Bajaj Pulsar) রয়েছে একটি ১২৪.৩৮ সিসি, ফোর-স্ট্রোক, টু-ভালভ, সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কূলড, ডিটিএস-আই ইঞ্জিন, যা থেকে ১২.১ পিএস শক্তি উৎপন্ন হয়; যা আগের ১১.৮ পিএস ক্ষমতার চেয়ে কিছুটা বেশি। ফিচার্সের দিক থেকে ২০২৬ পালসার ১২৫ মডেলে যুক্ত হয়েছে ৫-ইঞ্চির টিএফটি ডিসপ্লে, গুগল ম্যাপস নেভিগেশন, হেডল্যাম্প থেকে শুরু করে টেল ল্যাম্প ও ব্লিংকার্স সমেত অল-এলইডি লাইটিং প্যাকেজ, হ্যাজার্ড লাইট, টাইপ-সি ইউএসবি চার্জিং পোর্ট এবং একাধিক রাইড মোড।
আরও পড়ুন: আগের চেয়ে আরও বেশি চমকদার! নয়া লুকে দর্শন দিল KTM 390 Adventure
পাশাপাশি থাকছে ক্লিপ-অন হ্যান্ডেলবার এবং গ্যাস-চার্জড মনোশক রিয়ার সাসপেনশন। এই সেগমেন্টে প্রথমবার এই বাইকে দেওয়া হয়েছে ‘ক্রল টেক’ প্রযুক্তি, যার সাহায্যে থ্রটল না দিয়েই কম গতিতে বাইক চালানো সম্ভব। মডেলটি ইবনি ব্ল্যাক সায়ান ব্লু, ইবনি ব্ল্যাক মেজেন্টা রেড, ফিউরি রেড এবং স্যাফায়ার ব্লু— এই চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে।
নতুন বাজাজ পালসার ১৫০
নতুন বাজাজ পালসার ১৫০ (New Bajaj Pulsar) বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১৪৯.৫ সিসি-র ফোর-স্ট্রোক, অয়েল-কূলড, সিঙ্গেল-সিলিন্ডার, ডিটিএস-আই টুইন-স্পার্ক, ফিউয়েল-ইনজেক্টেড ইঞ্জিন, যা থেকে আগের মতোই ১৪ পিএস শক্তি পাওয়া যায়। এই মডেলেও যুক্ত করা হয়েছে একাধিক রাইড মোড, ক্লিপ-অন হ্যান্ডেলবার এবং বেলি প্যান। এতেও ফিচার্স হিসেবে থাকছে ৫-ইঞ্চির টিএফটি ডিসপ্লে, গুগল ম্যাপস নেভিগেশন, অল-এলইডি লাইটিং সেটআপ, হ্যাজার্ড লাইট, টাইপ-সি ইউএসবি চার্জিং পোর্ট এবং গ্যাস-চার্জড মনোশক রিয়ার সাসপেনশন।
ডিসপ্লেটিতে আরসি, ইন্স্যুরেন্স সহ গুরুত্বপূর্ণ নথি সেভ করে রাখা যাবে এবং এতে লাইভ কল, মেসেজ অ্যালার্ট ও মিউজিক কন্ট্রোল সুবিধাও মিলবে। ১২৫ সিসির মতো এই পালসার ১৫০ মডেলেও ক্রল টেক ফিচারটি রাখা হয়েছে। বাইকটি স্যাফায়ার ব্লু, ইবনি ব্ল্যাক ইনক ব্লু, মেজেন্টা রেড, ফিউরি রেড এবং পার্ল মেটালিক হোয়াইট— এই পাঁচটি নান্দনিক রঙের বিকল্পে বাজারে উপলব্ধ হতে চলেছে।
