Hero Glamour X gets integrated abs

ভারতীয় টু-হুইলার বাজারে নিরাপত্তা ব্যবস্থায় জোর দিচ্ছে ক্রেতারা। সেদিকে নজর রেখে এবারে জনপ্রিয় ১২৫ সিসি সেগমেন্টে নতুন বাইক লঞ্চ করল হিরো মোটোকর্প। দশকের পর দশক ধরে রাইডারদের মন জিতে নেওয়া হিরো গ্ল্যামার এক্স (Hero Glamour X) মডেলটিকে এখন ‘ইন্টিগ্রেটেড-এবিএস’ (ABS) প্রযুক্তির সাথে বাজারে লঞ্চ করা হয়েছে। দিল্লিতে এর নতুন ভ্যারিয়েন্টের এক্স-শোরুম মূল্য নির্ধারণ করা হয়েছে ১.০১ লাখ টাকা। সারা দেশের সমস্ত হিরো মোটোকর্প ডিলারশিপে এই নতুন মডেলের বিক্রি ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Hero Glamour X-এ মিলবে ইন্টিগ্রেটেড-এবিএস

এই নতুন মডেলটির প্রধান আকর্ষণ হল এর উন্নত ব্রেকিং সিস্টেম। হিরো মোটোকর্পের দাবি, ১২৫ সিসি মোটরসাইকেল সেগমেন্টে গ্ল্যামার এক্স-ই (Hero Glamour X) প্রথম বাইক, যেখানে সিঙ্গেল-চ্যানেল এবিএস (ABS)-এর সাথে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম-এর জোড় দেওয়া হয়েছে। বিভিন্ন ধরণের রাস্তায় ব্রেক করার সময় বাইকের ভারসাম্য বজায় রাখতে এবং ব্রেকিং দূরত্ব কমিয়ে দুর্ঘটনা এড়াতে এই প্রযুক্তি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: ভারতে নতুন বাজাজ পালসার ১২৫ ও পালসার ১৫০ লঞ্চ হল, দাম ৯২,৯৯০ টাকা

নতুন এই ব্রেকিং ফিচারের পাশাপাশি বাইকটিতে আগের বেশ কিছু সুরক্ষামূলক ফিচার বজায় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘প্যানিক ব্রেক অ্যালার্ট’, যা জরুরি মুহূর্তে হঠাৎ কষে ব্রেক কষলে পিছনের যানবাহনকে সতর্ক করতে এলইডি ইন্ডিকেটরগুলোকে দ্রুত ফ্ল্যাশ করতে শুরু করায়। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতির জন্য এতে হ্যাজার্ড ল্যাম্পের সুবিধাও রাখা হয়েছে। চেহারার দিক থেকে এতে স্পোর্টি গ্রাফিক্স ও পেশিবহুল বডি লাইনের পাশাপাশি হিরোর সিগনেচার ‘এইচ’ (H) আকৃতির অল-এলইডি লাইটিং সেটআপ উপস্থিত, যা বাইকটিকে একটি প্রিমিয়াম লুক দেয়। নতুন এই এবিএস ভ্যারিয়েন্টটি মোট চারটি আকর্ষণীয় রঙে বেছে নেওয়া যাবে— গান মেটাল গ্রে, ম্যাট অ্যাক্সিস গ্রে, ব্ল্যাক পার্ল রেড এবং ব্ল্যাক টিল ব্লু।

ফিচার্স

প্রযুক্তি ও ফিচার্সের দিক থেকে হিরো গ্ল্যামার এক্স (Hero Glamour X) তার সেগমেন্টে যথেষ্ট এগিয়ে। এতে রয়েছে ১০.৭ সেন্টিমিটারের একটি অ্যাডাপ্টিভ মাল্টি-কালার ইনস্ট্রুমেন্ট কনসোল, যাতে ৬০টিরও বেশি ফাংশন উপলব্ধ। এই ডিসপ্লেতে গিয়ার শিফট অ্যাডভাইজরি, ডিস্ট্যান্স-টু-এম্পটি এবং রিয়েল-টাইম মাইলেজ সম্পর্কিত তথ্য দেখা যাবে। নেভিগেশন ও কল-মেসেজ অ্যালার্টের জন্য রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি। দীর্ঘ পথযাত্রায় চালকের ক্লান্তি দূর করতে এবং জ্বালানি দক্ষতা বাড়াতে এতে যুক্ত করা হয়েছে ক্রুজ কন্ট্রোল সুবিধা।

বাইকটির (Hero Glamour X) পাওয়ারট্রেনে ব্যবহার করা হয়েছে হিরোর স্প্রিন্ট-ইবিটি (Sprint-EBT) ইঞ্জিন, যা ৮,২৫০ আরপিএমে ১১.৪ বিএইচপি ক্ষমতা উৎপন্ন করে। কম কম্পন ও শব্দে মসৃণ রাইডিং অভিজ্ঞতা দেওয়ার জন্য এই ইঞ্জিনটি বিশেষভাবে টিউন করা হয়েছে। বাইকটিতে ইকো, রোড এবং পাওয়ার— এই তিনটি পৃথক রাইডিং মোড রয়েছে। দৈনন্দিন ব্যবহারের উপযোগী করতে এতে চওড়া হ্যান্ডেলবার, দীর্ঘ ও সমতল সিট এবং কম সিট-হাইট রাখা হয়েছে। এছাড়াও সিটের নিচে জোড়া মোবাইল স্টোরেজ এবং একটি টাইপ-সি ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তি, উচ্চ নিরাপত্তা ও দৈনন্দিন স্বাচ্ছন্দ্যের অনন্য মেলবন্ধন নিয়ে এই হিরো গ্ল্যামার এক্স বাজারে প্রতিযোগিতা আরও বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved