BMW F 450 GS launched in India

অ্যাডভেঞ্চার বাইক প্রেমীদের জন্য নচুন চমক নিয়ে এল বিএমডব্লিউ মটোরাড (BMW Motorrad)। ভারতের বাজারে সংস্থা লঞ্চ করল তাদের নতুন মিডলওয়েট অ্যাডভেঞ্চার বাইক ‘বিএমডব্লিউ এফ ৪৫০ জিএস’ (BMW F 450 GS)। ৪.৭০ লক্ষ টাকা (এক্স-শোরুম) প্রারম্ভিক মূল্যে হাজির হওয়া বাইকটি বিএমডব্লিউ-এর জনপ্রিয়তা বহুলাংশে বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। মোটরসাইকলেটি জিএস সিরিজের একটি অত্যন্ত আকর্ষণীয় এবং সাশ্রয়ী সংস্করণ হিসেবে আত্মপ্রকাশ করেছে। মূলত যারা শহুরে রাস্তায় যাতায়াতের পাশাপাশি অফ-রোড ভ্রমণ পছন্দ করেন, তাঁদের কথা মাথায় রেখেই এটি ডিজাইন করা হয়েছে। চলুন এই শক্তিশালী বাইকটির সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

BMW F 450 GS: ডিজাইন ও ইঞ্জিন

ডিজাইনের ক্ষেত্রে বিএমডব্লিউ তাদের ঐতিহ্যবাহী জিএস ল্যাঙ্গুয়েজ বজায় রেখেছে। বাইকটির সামনের দিকে রয়েছে একটি ‘এক্স’ আকৃতির ফুল এলইডি হেডল্যাম্প এবং সিগনেচার বিক ডিজাইন। যে কারণে বেশ রাফ-অ্যান্ড-টাফ দেখাচ্ছে। বাইকটিতে ১৪ লিটারের ফুয়েল ট্যাঙ্ক উপস্থিত। রাইডিং স্টাইল এমনভাবে বানানো হয়েছে যাতে চালক বসে বা দাঁড়িয়ে – উভয় পদ্ধতিতেই আরামদায়কভাবে বাইকটি চালাতে পারেন। বাজারে এই মডেলটির তিনটি ভেরিয়েন্ট পাওয়া যাবে। যথা – বেস, এক্সক্লুসিভ এবং জিএস ট্রফি। প্রতিটি ভেরিয়েন্টেই রয়েছে ভিন্ন রঙের স্কিম এবং সামান্য কিছু ভিজ্যুয়াল পরিবর্তন।

পারফরম্যান্সের দিকে নজর দিলে দেখা যায়, এই বাইকে (BMW F 450 GS) রয়েছে একটি সম্পূর্ণ নতুন ৪৫০ সিসি-র টুইন সিলিন্ডার ইঞ্জিন। বিএমডব্লিউ এবং টিভিএস মোটর কোম্পানির যৌথ সহযোগিতায় এটি তৈরি করা হয়েছে। এই ইঞ্জিন ৮,৭৫০ আরপিএম-এ ৪৮ এইচপি শক্তি এবং ৬,৭৫০ আরপিএম-এ ৪৩ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। ৬-স্পিড গিয়ারবক্স যুক্ত এই বাইকের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬৫ কিলোমিটার। চালকের ক্লান্তি কমাতে এবং সহজ গিয়ার শিফটিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে শিফট অ্যাসিস্ট্যান্ট প্রো এবং ইজি রাইড ক্লাচ প্রযুক্তি।

আরও পড়ুন: নিরাপত্তায় সেরা! ভারত এনক্যাপ ক্র্যাশ টেস্টে ৫-স্টার পেয়ে তাক লাগাল নতুন ডাস্টার

হার্ডওয়্যার ও ফিচার

হার্ডওয়্যারের ক্ষেত্রে এফ ৪৫০ জিএস-এ টিউবুলার স্টিল ফ্রেম ব্যবহার করা হয়েছে, যা শক্তির পাশাপাশি মডেলটির ওজনও নিয়ন্ত্রণে রাখে। এর সিট হাইট ৮৪৫ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২২০ মিমি। যা অফ-রোডিংয়ের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৭৮ কেজি ওজনের এই মোটরবাইকে রয়েছে ১৯ ইঞ্চি ফ্রন্ট এবং ১৭ ইঞ্চি রিয়ার হুইল। যাতে ব্যবহার করা হয়েছে ডুয়েল পারপাস টায়ার। সুরক্ষার জন্য এতে এবিএস প্রো এবং শক্তিশালী ডিস্ক ব্রেক বর্তমান।

প্রযুক্তির দিক থেকেও বাইকটি (BMW F 450 GS) বেশ আধুনিক। এতে ৬.৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লে দেওয়া হয়েছে যাতে ব্লুটুথ কানেক্টিভিটি সুবিধা পাওয়া যাবে। চালক নিজের প্রয়োজন অনুযায়ী রেইন, রোড, এন্ডুরো এবং এন্ডুরো প্রো – এই চারটি রাইডিং মোড ব্যবহার করতে পারবেন। এছাড়া ট্র্যাকশন কন্ট্রোল, ইঞ্জিন ড্র্যাগ টর্ক কন্ট্রোল এবং হিটেড গ্রিপসের মতো প্রিমিয়াম ফিচারগুলি রাইডারকে এক অনন্য অভিজ্ঞতা দেবে। ভারতের অ্যাডভেঞ্চার বাইক বাজারে এই নতুন মডেল নিজের পারফরম্যান্স এবং দামের কারণে কঠিন প্রতিযোগিতার সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved