BMW F 450 GS vs Royal Enfield Himalayan 450

জার্মান গাড়ি নির্মাণকারী সংস্থা বিএমডব্লিউ সম্প্রতি ভারতের বাজারে তাদের নতুন এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার মোটরসাইকেল ‘এফ ৪৫০ জিএস’ (BMW F 450 GS) লঞ্চ করেছে। ৪.৭০ লক্ষ টাকা (এক্স-শোরুম) প্রারম্ভিক মূল্যে বাজারে এসেছে এই বাইক। জানিয়ে রাখি, ৪৫০ সিসি অ্যাডভেঞ্চার ক্যাটাগরিতে বিএমডব্লিউ-র এটিই প্রথম মডেল। এদিকে ভারতের বাজারে উক্ত বিভাগে দীর্ঘদিন ধরে নিজের আধিপত্য দেখিয়ে আসছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান (Royal Enfield Himalayan 450)। এখন প্রশ্ন হল, ভারতীয় গ্রাহকদের প্রিয় অফ-রোডিং বাইক হিমালয়ান ৪৫০-এর বিরুদ্ধে বিএমডব্লিউ-এর এই নতুন মডেল কতটা লড়াই জমাতে পারবে? চলুন মোটরসাইকেলদ্বয়ের বিস্তারিত তুলনা দেখে নেওয়া যাক :

BMW F 450 GS বনাম Royal Enfield Himalayan 450: ইঞ্জিন

ইঞ্জিনের শক্তির দিক থেকে বিএমডব্লিউ এফ ৪৫০ জিএস-এ (BMW F 450 GS) রয়েছে ৪২০ সিসি-র ওয়াটার-কুলড, টু-সিলিন্ডার, ফোর-স্ট্রোক ইঞ্জিন। এতে প্রতিটি সিলিন্ডারে চারটি করে ভালভ এবং দুটি ওভারহেড ক্যামশ্যাফট রয়েছে। এই ইঞ্জিনটি ৪৬.৯ বিএইচপি শক্তি এবং ৪৩ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। এর সাথে যুক্ত রয়েছে একটি সিক্স-স্পিড গিয়ারবক্স।

অন্যদিকে, রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০-এ ব্যবহার করা হয়েছে ৪৫২ সিসি-র শেরপা ইঞ্জিন। এটি একটি লিকুইড-কুলড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন যাতে ডাবল ওভারহেড ক্যামশ্যাফট রয়েছে। এই ইঞ্জিনটি ৩৯.৪৭ বিএইচপি শক্তি এবং ৪০ এনএম টর্ক উৎপাদন করে। এতেও সিক্স-স্পিড গিয়ারবক্সের সুবিধা পাওয়া যাবে। শক্তির বিচারে বিএমডব্লিউ-এর ইঞ্জিনটি টুইন-সিলিন্ডার হওয়ার কারণে কিছুটা এগিয়ে রয়েছে।

আরও পড়ুন: গিয়ার শিফটিং মাখনের মতো! 2026 Yezdi Scrambler 300 আগের চেয়ে আরও শক্তিশালী

বডি এবং ফ্রেম

বিএমডব্লিউ এফ ৪৫০ জিএস-এ স্টিল টিউব ট্রেলিস ফ্রেমের সাথে একটি লোড-বেয়ারিং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এর সামনের দিকে রয়েছে ৪৩ মিমি-র আপসাইড-ডাউন (USD) টেলিস্কোপিক ফর্ক। পেছনের দিকে আছে অ্যালুমিনিয়াম টুইন-সাইডেড সুইংআর্ম, যাতে কমপ্রেশন এবং রিবউন্ড ড্যাম্পিং অ্যাডজাস্টেবল শক অ্যাবজর্বার রয়েছে। এই বাইকটির সামনের ও পেছনের সাসপেনশন ট্রাভেল ১৮০ মিমি। এর সিট হাইট ৮৪৫ মিমি এবং হুইলবেস ১৪৬৫ মিমি।

বিপরীতে রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০-এ স্টিল টুইন স্পার টিউবুলার ট্রেলিস ফ্রেম ব্যবহার করা হয়েছে। এর সামনের দিকে ৪৩ মিমি-র আপসাইড-ডাউন (USD) টেলিস্কোপিক ফর্ক থাকলেও এর ট্রাভেল ২০০ মিমি, যা অফ-রোডিং-এর জন্য বেশি উপযোগী। পেছনের সাসপেনশনটি একটি লিঙ্কেজ-টাইপ মনোশক, যার ট্রাভেলও ২০০ মিমি। হিমালয়ানের সিট হাইট ৮২৫ মিমি এবং হুইলবেস ১৫১০ মিমি।

দাম

বিএমডব্লিউ এফ ৪৫০ জিএস-এর (BMW F 450 GS) প্রারম্ভিক এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৪.৭০ লক্ষ টাকা। অন্যদিকে, রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০-এর প্রারম্ভিক এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৩.০৫ লক্ষ টাকা থেকে। দামের পার্থক্যের দিক থেকে হিমালয়ান অনেক বেশি সাশ্রয়ী হলেও বিএমডব্লিউ তাদের প্রিমিয়াম ব্র্যান্ড ভ্যালু এবং টুইন-সিলিন্ডার ইঞ্জিনের সুবিধা দিচ্ছে।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved