টেক দুনিয়ার জনপ্রিয় কোম্পানি নাথিং তাদের নতুন স্মার্টফোন সিরিজ ‘ফোন ৪এ’ (Nothing Phone 4a) ভারতের বাজারে নিয়ে এসেছে। এই সিরিজে ফোন ৪এ এবং ফোন ৪এ প্রো লঞ্চ করার পাশাপাশি কোম্পানি তাদের প্রথম হেডফোন ‘নাথিং হেডফোন (এ)’ প্রকাশ্যে এনেছে। উন্নত স্পেসিফিকেশন, অত্যাধুনিক এআই ফিচার এবং একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে এই ডিভাইসগুলি পাওয়া যাবে। আধুনিক ডিজাইন এবং শক্তিশালী পারফরম্যান্সের মেলবন্ধনে তৈরি এই ডিভাইসগুলি গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দিতে প্রস্তুত।
নাথিং ফোন ৪এ এবং ৪এ প্রো স্পেসিফিকেশন (Nothing Phone 4a)
নাথিং ফোন ৪এ (Nothing Phone 4a) স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ চিপসেট ব্যবহার করা হয়েছে। ছবি তোলার জন্য এর পিছনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া এতে একটি বিশেষ এআই ইরেজার ফিচার যুক্ত করা হয়েছে। অন্যদিকে ফোন ৪এ প্রো মডেলটিতে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট রয়েছে যা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কোম্পানি জানিয়েছে এটি নাথিংয়ের তৈরি এযাবৎকালের সবথেকে পাতলা বা স্লিম স্মার্টফোন। এই প্রো মডেলে ক্যামেরার জন্য ‘ডব্লিউ-ক্যামেরা আইল্যান্ড’ ডিজাইন ব্যবহার করা হয়েছে। এতে সোনি ৫০ মেগাপিক্সেল সেন্সর রয়েছে যার অ্যাপারচার অনেক বড় এবং ইমেজ প্রসেসিং গতিও আগের চেয়ে অনেক উন্নত।
নাথিং ফোন ৪এ এবং ৪এ প্রো উভয় মডেলেই ৫,৪০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে যা ৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্মার্টফোনগুলি নাথিং ওএস ৪.১ (Nothing OS 4.1) সংস্করণে চালিত হবে। এই নতুন ওএস-এ রিফ্রেশড লক স্ক্রিন এবং রিলাক্সেশন হাবের মতো আকর্ষণীয় ফিচার রয়েছে। কোম্পানি এই সিরিজের জন্য তিন বছরের সফটওয়্যার আপডেট এবং সাত বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া এতে ‘এসেনশিয়াল এআই’ যুক্ত করা হয়েছে যা গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে উৎপাদনশীলতা এবং পারসোনালাইজেশন উন্নত করতে সাহায্য করবে।
আরও পড়ুন: সাশ্রয়ী মূল্যে অ্যাপলের চমক! ভারতে এল নতুন MacBook Neo
নাথিং ফোন ৪এ এবং ৪এ প্রো-এর দাম
নাথিং ফোন ৪এ (Nothing Phone 4a) সিলভার, ব্ল্যাক, ব্লু এবং পিঙ্ক – এই চারটি রঙে পাওয়া যাবে। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে ৩১,৯৯৯ টাকা থেকে। ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ৩৪,৯৯৯ টাকা। এছাড়া ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৩৭,৯৯৯ টাকা। ফ্লিপকার্টে ইতিমধ্যে এর প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। বেঙ্গালুরুর নাথিং স্টোরে আগামী ৭ মার্চ সন্ধ্যা ৬টা থেকে এই ফোনটি সরাসরি কেনা যাবে।
নাথিং ফোন ৪এ প্রো মডেলটি সিলভার, ব্ল্যাক এবং পিঙ্ক রঙে বাজারে আসবে। প্রো মডেলের প্রি-অর্ডার শুরু হবে আগামী ১৩ মার্চ থেকে এবং ২১ মার্চ এটি বেঙ্গালুরু স্টোরে সরাসরি পাওয়া যাবে। এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৪২,৯৯৯ টাকা এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৪৫,৯৯৯ টাকা রাখা হয়েছে।
হেডফোন (এ)
প্রসঙ্গত, স্মার্টফোনের পাশাপাশি নাথিং আজ ‘হেডফোন (এ)’ লঞ্চ করেছে। এই হেডফোনটিতে হাই-কোয়ালিটি অডিও প্রোফাইল ব্যবহার করা হয়েছে। এতে গান নিয়ন্ত্রণ করা ছাড়াও সেলফি তোলার জন্য বিশেষ বাটন বা বোতাম দেওয়া হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী এই হেডফোনটি একবার সম্পূর্ণ চার্জ দিলে টানা পাঁচ দিন পর্যন্ত গান শোনার সুবিধা বা প্লে-ব্যাক টাইম পাওয়া যাবে। অডিও প্রেমীদের কথা মাথায় রেখে নাথিং এই প্রিমিয়াম হেডফোনটি বাজারে এনেছে।
