Vivo T5 Pro launch 15 april

স্মার্টফোন বাজারে ব্যাটারি ব্যাকআপ নিয়ে দুশ্চিন্তার দিন বোধহয় এবার শেষ হতে চলেছে। টেক জায়ান্ট ভিভো ভারতে তাদের নতুন চমক ‘ভিভো টি৫ প্রো’ (Vivo T5 Pro) লঞ্চের আনুষ্ঠানিক ঘোষণা করেছে। আগামী ১৫ এপ্রিল দুপুর ১২টায় ভারতে এই স্মার্টফোন আত্মপ্রকাশ করবে বলে জানানো হয়। ভিভোর পক্ষ থেকে এও বলা হয়, মডেলটি মূলত সেইসব গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে, যারা দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করেন এবং বারবার চার্জ দেওয়ার ঝামেলা এড়াতে চান। বিশেষ করে গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের সময় যাতে লো-ব্যাটারি মেসেজ বিরক্তির কারণ না হয়ে দাঁড়ায়, সেটিই এই ফোনের প্রধান লক্ষ্য। চলুন ভিভো টি৫ প্রো-এ ফিচার কেমন থাকতে পারে দেখে নেওয়া যাক।

Vivo T5 Pro-এর ব্যাটারি, চিপ ও ডিসপ্লে

ভিভো টি৫ প্রো (Vivo T5 Pro) ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হল এর বিশাল ৯০২০ এমএএইচ ব্যাটারি। বর্তমান বাজারে যে কোনো সেগমেন্টের ফোনের তুলনায় এটি অন্যতম বৃহত্তম ব্যাটারি। আশ্চর্যের বিষয় হল, এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির ডিজাইন নিয়ে কোনো আপস করেনি কোম্পানি। ভিভোর দাবি অনুযায়ী, ফোনটি মাত্র ০.৮২৫ সেন্টিমিটার স্লিম। ব্যাটারির ক্ষমতা বোঝাতে গিয়ে কোম্পানি জানিয়েছে যে, একবার সম্পূর্ণ চার্জ দিলে এই ফোনে টানা ১২.৬ ঘণ্টা গেমিং, ১৩ ঘণ্টা লাইভ স্ট্রিমিং, ১২.৯ ঘণ্টা ভিডিও রেকর্ডিং এবং ৯০ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক করা সম্ভব। এছাড়াও দ্রুত চার্জ দেওয়ার জন্য এতে থাকছে ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সুবিধা। এর সাথে থাকছে ব্যাটারি সেভার মোড এবং পাঁচ বছরের ব্যাটারি হেলথ সাইকেলের নিশ্চয়তা।

আরও পড়ুন: গেমারদের জন্য সুখবর! ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সহ আগামীকাল আসছে OnePlus Nord 6

পারফরম্যান্সের দিক থেকেও ভিভো টি৫ প্রো অত্যন্ত শক্তিশালী হতে চলেছে। এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ প্রসেসর। ভিভোর দাবি, আনতুতু বেঞ্চমার্কে এই চিপসেটের স্কোর প্রায় ১২ লক্ষের কাছাকাছি। যারা গেম খেলতে পছন্দ করেন, তাঁদের জন্য এই ফোন একটি আদর্শ ডিভাইস হতে পারে। এতে ১২০ এফপিএস গেমিং সাপোর্ট করবে এবং ফোনটিকে ঠান্ডা রাখার জন্য ৭কে ভিসি কুলিং সিস্টেম যুক্ত করা হয়েছে। এর ফলে টানা গেমিং সেশনের সময়ও ফোনের পারফরম্যান্স কমবে না।

ফোনের ডিসপ্লে এবং সফটওয়্যার বিভাগেও থাকছে আধুনিকতার ছোঁয়া। ভিভো টি৫ প্রো-তে একটি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। উচ্চমানের ভিডিও দেখা বা গেম খেলার সময় এই ডিসপ্লে গ্রাহককে এক অনন্য অভিজ্ঞতা প্রদান করবে। ফোনটি চলবে ভিভোর নিজস্ব অরিজিন ওএস ৬ অপারেটিং সিস্টেমে, যা সিস্টেম-লেভেল অপ্টিমাইজেশনের মাধ্যমে ফোনের কাজ করার গতিকে আরও বাড়িয়ে দেয়।

দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, শক্তিশালী প্রসেসর এবং আধুনিক ডিসপ্লে-এর মতো বৈশিষ্ট্য ভিভো টি৫ প্রো-কে (Vivo T5 Pro) বাজারের অন্যান্য ফোনের থেকে অনেকটাই এগিয়ে রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ফোনটির দাম এবং সহজলভ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ১৫ এপ্রিলের লঞ্চ ইভেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। যারা একটি অল-রাউন্ডার স্মার্টফোন খুঁজছেন, তাঁদের জন্য ভিভোর এই নতুন হ্যান্ডসেটটি একটি বড় বিকল্প হয়ে উঠতে পারে।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved