ভারতে ইলেকট্রিক ভেহিকেল (EV) নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে বড়সড় পদক্ষেপ নিল মার্কিন টেক জায়ান্ট টেসলা (Tesla)। সংস্থা ভারতে তাদের প্রথম ইন-মল বা শপিং মলের ভেতরে চার্জিং স্টেশন চালু করল। নভি মুম্বইয়ের একটি জনবহুল মলে এই নতুন সুপারচার্জার হাবটি স্থাপন করা হয়েছে। যা মূলত শহরের ব্যস্ত এলাকায় টেসলা ব্যবহারকারীদের চার্জিং সুবিধা পৌঁছে দেওয়ার একটি প্রয়াস। এই নতুন সুবিধায় মোট আটটি চার্জার পয়েন্ট রয়েছে। এর মধ্যে চারটি হল ‘V4 সুপারচার্জার’, যা ২৫০ কিলোওয়াট পর্যন্ত উচ্চগতিতে চার্জ দিতে সক্ষম। বাকি চারটি হল ১১ কিলোওয়াটের ‘ডেস্টিনেশন চার্জার’। টেসলার মতে, মল, হাইওয়ে রেস্ট স্টপ বা ফুড কোর্টের মতো জায়গায় চার্জিং পয়েন্ট থাকলে গ্রাহকরা কেনাকাটা বা খাওয়ার ফাঁকেই তাঁদের গাড়ি চার্জ করে নিতে পারবেন।
টেসলার (Tesla) দাবি তাক লাগাবে
টেসলার দাবি অনুযায়ী, তাদের এই সুপারচার্জার নেটওয়ার্ক ব্যবহার করে একটি ‘মডেল ওয়াই’ (Model Y) গাড়ি মাত্র ১৫ মিনিট চার্জ দিলেই প্রায় ২৭৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারবে। এর ফলে নভি মুম্বই থেকে পুণে পর্যন্ত একবার যাতায়াত করা অনায়াসেই সম্ভব। এই সিস্টেমে ‘প্লাগ ইন, চার্জ অ্যান্ড গো’ অভিজ্ঞতা পাওয়া যাবে এবং এর সচল থাকার হার বা আপটাইম প্রায় ৯৯.৯৫ শতাংশ। নভি মুম্বইয়ের এই নতুন সাইটটি যুক্ত হওয়ার ফলে ভারতে এখন টেসলার মোট চারটি চার্জিং লোকেশন তৈরি হল। সব মিলিয়ে দেশে এখন ২০টি সুপারচার্জার এবং ১৪টি ডেস্টিনেশন চার্জার সচল রয়েছে। এর আগে গুরুগ্রামের ডিএলএফ হরাইজন সেন্টার, দিল্লির অ্যারোসিটির ওয়ার্ল্ডমার্ক ৩ এবং মুম্বইয়ের ওয়ান বিকেসি-তে টেসলার চার্জিং স্টেশন চালু হয়েছিল।
আরও পড়ুন: ৬.২৫ লাখে মিলবে ৫-স্টার রেটিং, সেরার শিরোপা অর্জন করল মারুতি ডিজায়ার
চার্জিং সুবিধার পাশাপাশি টেসলা (Tesla) ওই মলে একটি ‘পপ-আপ স্টোর’ বা অস্থায়ী প্রদর্শনী কেন্দ্রও স্থাপন করেছে। সেখানে আমজনতা টেসলার গাড়িগুলি সরাসরি দেখার সুযোগ পাবেন। গাইডদের সহায়তায় গাড়ির ফিচার সম্পর্কে জানা, এমনকি টেস্ট ড্রাইভ এবং প্রোডাক্ট ডেমনস্ট্রেশনের সুবিধাও রাখা হয়েছে। টেসলা জানিয়েছে, ভারতের প্রধান শহরগুলিতে বৈদ্যুতিক গতিশীলতা আরও সহজলভ্য করার লক্ষ্যেই এই পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে। বর্তমানে ভারতে টেসলা শুধুমাত্র তাদের ‘মডেল ওয়াই’ ইলেকট্রিক এসইউভি বিক্রি করছে। ভারতে এই গাড়িটি রিয়ার-হুইল-ড্রাইভ (RWD) সেটআপে পাওয়া যায়।
মডেল ওয়াই গাড়িটি ভারতে দুটি ভেরিয়েন্টে উপলব্ধ। স্ট্যান্ডার্ড আরডব্লিউডি (RWD) ভার্সনের এক্স-শোরুম দাম ৫৯.৮৯ লক্ষ টাকা। অন্যদিকে, যারা আরও বেশি মাইলেজ চান, তাঁদের জন্য লং রেঞ্জ আরডব্লিউডি ভার্সনটির দাম রাখা হয়েছে ৬৭.৮৯ লক্ষ টাকা। ভারতে আমদানিকৃত গাড়ির ওপর ইমপোর্ট ডিউটি থাকার কারণে আন্তর্জাতিক বাজারের তুলনায় এখানে টেসলার দাম কিছুটা বেশি। উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে টেসলা ভারতে তাদের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছিল এবং গত বছর তারা দেশে ২২৫টি মডেল ওয়াই বিক্রি করতে সক্ষম হয়েছে। চার্জিং নেটওয়ার্কের এই বিস্তার আগামী দিনে টেসলার বিক্রি আরও বাড়াতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

