NEET-UG 2026: মেধাতালিকার স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রশ্ন ফাঁসের কলঙ্ক মুছে ফেলতে কড়া পদক্ষেপ নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। দীর্ঘ প্রতীক্ষার পর আজ শুক্রবার সকালে সংস্থা পরীক্ষার তারিখ জানিয়ে দিল। আগামী ২১ জুন অর্থাৎ আন্তর্জাতিক যোগ দিবসে বাতিল হয়ে যাওয়া নিট-ইউজি ২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ৩ মে অনুষ্ঠিত পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠায় সেটি বাতিল করতে বাধ্য হয়েছিল কেন্দ্র। এবার নতুন উদ্যমে এবং কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেশজুড়ে ফের এই ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা আয়োজিত হতে চলেছে।
নিট পরীক্ষার দিনক্ষণ ঘোষিত হল (NEET-UG 2026)
গত ৩ মে যখন প্রথমবার এই পরীক্ষা নেওয়া হয়েছিল। তাতে অংশ নিয়েছিলেন প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থী। কিন্তু পরীক্ষার পরপরই রাজস্থান থেকে প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে শুরু করে। তদন্তে জানা যায়, পরীক্ষার (NEET-UG 2026) অন্তত এক মাস আগে একদল ছাত্রছাত্রীর হাতে পৌঁছে গিয়েছিল সম্ভাব্য প্রশ্নপত্র। এই ঘটনার গুরুত্ব বুঝিয়ে অতিরিক্ত ডিরেক্টর জেনারেল বিশাল বনশন জানিয়েছেন, “তদন্তে দেখা গিয়েছে যে ওই সম্ভাব্য প্রশ্নপত্রে থাকা ৪১০টি প্রশ্নের মধ্যে অন্তত ১২০টি রসায়নবিদ্যার প্রশ্ন আসল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। এমনকি উত্তরের অপশনগুলি পর্যন্ত একই ছিল।” অন্য একটি সূত্রের দাবি অনুযায়ী, ২৮১টি প্রশ্নের মধ্যে ১৩৫টি প্রশ্ন সরাসরি ফাঁস হয়ে গিয়েছিল।
আরও পড়ুন: পরীক্ষায় ব্যাপক কারচুপি! বাতিল নিট-ইউজি, সিবিআই তদন্তের নির্দেশ দিল কেন্দ্র
এই ব্যাপক দুর্নীতির খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরিওয়ালের মতো বিরোধী নেতারা কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সরব হন এবং লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জনরোষ ও তদন্তকারী সংস্থাগুলির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি ৩ মে-র পরীক্ষা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। স্বচ্ছতা নিশ্চিত করতে গোটা ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর (CBI) হাতে।
পরীক্ষার্থীদের সুবিধার্থে এনটিএ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। সংস্থার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য পড়ুয়াদের আর পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। শুধু তাই নয়, নতুন পরীক্ষার জন্য কোনো অতিরিক্ত ফি-ও দিতে হবে না। এমনকি আগেরবার পরীক্ষার সময় যে অর্থ জমা নেওয়া হয়েছিল, তা পরীক্ষার্থীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুনভাবে পরীক্ষায় বসার জন্য পরীক্ষার্থীদের পুনরায় ‘অ্যাডমিট কার্ড’ ডাউনলোড করতে হবে।
২১ জুনের এই নতুন পরীক্ষার (NEET-UG 2026) অ্যাডমিট কার্ড কবে থেকে এনটিএ-র অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট দিন জানানো হয়নি। তবে সংস্থাটি জানিয়েছে যে, খুব দ্রুত এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রশ্ন ফাঁসের জেরে হওয়া এই বিড়ম্বনায় পড়ুয়ারা যে অসুবিধার মধ্যে পড়েছেন, তা মেনে নিয়েও এনটিএ কর্তারা বলছেন যে, মেধার লড়াইয়ে কোনো রকম আপস করা সম্ভব নয়। এখন দেখার, সিবিআই তদন্তের মাধ্যমে এই চক্রের মূল পান্ডাদের পর্দাফাঁস হয় কি না এবং ২১ জুনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয় কি না।
📢 NEET (UG) 2026 — Examination Date Announced
The National Testing Agency, with the approval of the Government of India, has scheduled the re-examination of NEET (UG) 2026 on Sunday, 21 June 2026.
Candidates and parents are requested to rely only on the official channels of NTA.…— National Testing Agency (@NTA_Exams) May 15, 2026
