বৈশাখের কাঠফাটা রোদে (South Bengal Weather) পুড়ছে দক্ষিণবঙ্গ। ঘামে ভেজা শরীর আর ভ্যাপসা গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। এি ফোঁটা বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো আপামর বঙ্গবাসী। এহেন মুহূর্তে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে মিলেমিশে রয়েছে স্বস্তি আর অস্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সরাসরি দক্ষিণবঙ্গের জন্য এখনই কোনো সুখবর শোনাতে না পারলেও, বঙ্গোপসাগরের সুদূর কোণে বর্ষার আগমনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আবহাওয়াবিদদের মতে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নির্ধারিত সময়েই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর পদার্পণ ঘটতে চলেছে, যা প্রকারান্তরে বাংলার জন্য এক আশার আলো।
আন্দামান-নিকোবরে ঢুকছে বর্ষা
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশের স্বাভাবিক সময় হচ্ছে ১৬ মে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের প্রভাবে এবার মৌসুমি বায়ু তার স্বাভাবিক ছন্দ বজায় রাখছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, “আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করবে। এর ফলে ওই দ্বীপপুঞ্জ এলাকায় আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।” বৃষ্টির আশঙ্কার কথা মাথায় রেখে পর্যটকদের জন্যও বিশেষ সতর্কবার্তা জারি করেছে দপ্তর। আন্দামানে এই নির্দিষ্ট সময়ে বর্ষার প্রবেশ ঘটলে আশা করা যায় যে, জুনের মাঝামাঝি সময়ের মধ্যেই তা বাংলার মূল ভূখণ্ডেও প্রবেশ করবে।
দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা (South Bengal Weather)
তবে আন্দামানের এই বৃষ্টির খবর দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মানুষের জন্য এখনই কোনো শীতল পরশ বয়ে আনছে না। উল্টে আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ আরও চড়ার সঙ্কেত দিচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের আধিকারিকদের কথায়, “আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে গরমের দাপট আরও বাড়বে। আপাতত সেখানে ঝড়-বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ফলে বজায় থাকবে ভ্যাপসা অস্বস্তিকর আবহাওয়া।” অর্থাৎ, বাঁকুড়া, পুরুলিয়া বা মেদিনীপুরের মতো জেলাগুলিতে আপাতত দাবদাহ থেকে মুক্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
আরও পড়ুন: স্পিকার নির্বাচিত হলেন রথীন্দ্রনাথ বোস, বিধানসভার কাজ লাইভ সম্প্রচারের ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্যদিকে উত্তরবঙ্গের চিত্রটা কিন্তু সম্পূর্ণ বিপরীত। সেখানে মেঘভাঙা বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদগণ। রবিবারের মধ্যে উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির দাপট সবচেয়ে বেশি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে দপ্তরের বক্তব্য, “সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের আটটি জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে।” অর্থাৎ উত্তরবঙ্গ যখন বৃষ্টিতে ভিজবে, দক্ষিণবঙ্গকে তখন আরও কিছুদিন চড়া রোদ আর ঘামাচি-জ্বালা গরম সহ্য করেই দিন কাটাতে হবে। সব মিলিয়ে, বর্ষার এই অসম বণ্টন আর আবহাওয়ার খামখেয়ালিপনায় বঙ্গবাসীর (South Bengal Weather) জীবন এখন ওষ্ঠাগত।
