ব্যক্তিগত এবং পারিবারিক জীবন নিয়ে ভিত্তিহীন, কুরুচিকর খবর ছড়াচ্ছে। এই ভুয়ো খবরের রটনা নিয়ে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda)। নিজের বৈবাহিক জীবন ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হওয়া নানান জল্পনার আবহেই এই কড়া নোটিশ পাঠিয়েছেন অভিনেতা। সংবাদসংস্থা এএনআই (ANI)-এর সূত্র অনুযায়ী, গোবিন্দার এই আইনি বিজ্ঞপ্তিতে সাধারণ ব্যক্তি, সংবাদ সংস্থা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং কন্টেন্ট ক্রিয়েটরদের কড়া বার্তা দিয়ে সতর্ক করা হয়েছে। অভিনেতার জীবন নিয়ে ক্রিয়েটারদের কোনো প্রকার মিথ্যা, মানহানিকর বা যাচাই না করা তথ্য প্রচার ও শেয়ার করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে।
আইনি পদক্ষেপ নিলেন গোবিন্দা (Govinda)
বিজ্ঞপ্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং আধুনিক প্রযুক্তির অপব্যবহার নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গোবিন্দার (Govinda) অনুমতি ছাড়া তাঁর ছবি, ভিডিও, ভয়েস রেকর্ড, এআই দিয়ে পরিবর্তিত বা বিকৃত ছবি, ডিপফেক এবং যেকোনো ধরনের কৃত্রিম কন্টেন্ট তৈরি ও প্রচারের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, এআই বা অন্য কোনো ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অভিনেতার গলার আওয়াজ, ছবি, ব্যক্তিগত পরিচয় বা তাঁর পারিবারিক জীবন সংক্রান্ত যেকোনো তথ্য ব্যবহারের কোনো অনুমতি কাউকে দেওয়া হয়নি।
আইন লঙ্ঘনের ক্ষেত্রে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে গোবিন্দার আইনি টিম জানিয়েছে, মানহানি, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, পরিচয়ের অপব্যবহার এবং সাইবার অপরাধের মতো ক্ষেত্রে প্রচলিত আইনের অধীনে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করা হতে পারে। এতে অপরাধীদের কাছ থেকে সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উলেখ করা হয়েছে। এমনকি এই ধরণের কুরুচিকর বিষয়বস্তু ছড়ানোর জন্য দায়ী ব্যক্তিবর্গের বিরুদ্ধে আদালত মারফত প্রশাসনিক আদেশ হাসিলের পথও খোলা রাখা হয়েছে।
আরও পড়ুন: নিয়ন্ত্রণের বাইরে ভক্তদের ভিড়! যশের ইভেন্টে বড় বিপর্যয়, জখম ২
অভিনেতার স্ত্রী সুনীতা বান্দ্রা ফ্যামিলি কোর্ট থেকে নিজের ডিভোর্স পিটিশন তুলে নেওয়ার পর পরই এই আইনি পদক্ষেপটি সামনে এসেছে। পুরো বিষয়টি খোলসা করে গোবিন্দার ম্যানেজার শশী সিনহা এএনআই-কে জানান, “বিগত দু’বছর ধরে মামলাটি চলছিল, তবে অবশেষে তা শেষ হল। আজ বান্দ্রা পারিবারিক আদালতে মামলাটি প্রত্যাহার করার জন্য আবেদন জমা দিয়েছেন সুনীতাজী।” গোবিন্দার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শশী সিনহা বলেন, “মামলাটি শুরুর দিন থেকেই গোবিন্দা পুরো বিষয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করছিলেন, আজকেও তাঁর সেই একই অবস্থান রয়েছে।”
মামলা প্রত্যাহারের পর বান্দ্রা ফ্যামিলি কোর্টের বাইরে ছেলে যশবর্ধন আহুজার সাথে দেখা মেলে সুনীতার। সেখানে পাপারাজ্জিরা আদালতের আসার কারণ জানতে চাইলে তিনি হেসে উত্তর দেন, “বার্থডে মানানে আয়ে হ্যায়” অর্থাৎ আমরা এখানে জন্মদিন পালন করতে এসেছি। উল্লেখ্য কাজের দিক থেকে, গোবিন্দা (Govinda) খুব শীঘ্রই ‘রূপা’ নামের চলচ্চিত্রে নবাগত অভিনেত্রী রানি স্বর্ণকারের সাথে কাজ করতে চলেছেন। অন্যদিকে তাঁর ছেলে যশবর্ধন ‘হিরো কি হররিন’ সিনেমার মাধ্যমে বলিপাড়ায় পা রাখতে চলেছেন, যা আগামী ২০২৭ সালের ৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই চলচ্চিত্রে স্বয়ং সুনীতা নিজের ছেলের মায়ের ভূমিকাতেই অভিনয় করবেন বলে নিশ্চিত করেছেন।
