Salim Khan: কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান অসুস্থ হয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সকালে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি এখন বিপদমুক্ত বলে আশ্বাস দিয়েছেন চিকিৎসকরা।
বর্তমান শারীরিক অবস্থা (Salim Khan)
সেলিম খানকে (Salim Khan) তাঁর পারিবারিক চিকিৎসক হাসপাতালে নিয়ে এসেছিলেন। জরুরি বিভাগে পরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে আইসিইউ-তে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। হাসপাতালে আনার সময় তাঁর রক্তচাপ ছিল অনেক বেশি। এছাড়া তাঁর শরীরে কিছু কম্পন লক্ষ্য করেছিলেন চিকিৎসকরা। প্রয়োজনীয় কিছু পরীক্ষা করার জন্য সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তবে চিকিৎসকরা জানিয়েছেন যে তিনি আশঙ্কাজনক অবস্থায় ছিলেন না।
হাসপাতালের চিকিৎসক ডাক্তার জলিল পার্কার জানিয়েছেন যে সেলিম খানের মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণ বা হেমারেজ ধরা পড়েছে। একজন নিউরোসার্জন তাঁর ‘ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাফি’ সম্পন্ন করেছেন। এই প্রক্রিয়াটি সফলভাবে শেষ হয়েছে। বর্তমানে তাঁকে কড়া ওষুধের মাধ্যমে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তাঁর শারীরিক প্যারামিটারগুলো স্বাভাবিক রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের নিয়ম মেনে তাঁকে ধীরে ধীরে ভেন্টিলেশন থেকে বের করে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
সেলিম খানের বর্তমান বয়স ৮৯ বছর। চিকিৎসকদের মতে সুস্থ হওয়ার ক্ষেত্রে তাঁর বয়স একটি বড় বিষয়। বেশি বয়সের কারণে সেরে ওঠার প্রক্রিয়াটি কিছুটা ধীর হতে পারে। তবে পরবর্তী পদক্ষেপ নিয়ে চিকিৎসকরা যথেষ্ট আশাবাদী। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে আপাতত আর কোনো মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হবে না। এছাড়া এখনই তাঁর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ চিকিৎসকরা।
আরও পড়ুন: কালো বিকিনিতে উষ্ণতা ছড়ালেন নবনীতা! ভাইরাল ছবিতে মিশ্র প্রতিক্রিয়া নেট দুনিয়ায়
বলিউডের আইকনিক চিত্রনাট্যকার
সেলিম খান (Salim Khan) ভারতীয় চলচ্চিত্রের এক কিংবদন্তি ব্যক্তিত্ব। জাভেদ আখতারের সঙ্গে তাঁর জুটি ‘সেলিম-জাভেদ’ নামে পরিচিত। এই জুটি বলিউডের সিনেমা তৈরির ধারা বদলে দিয়েছিলেন। শোলে, দিওয়ার, জঞ্জির এবং ডন-এর মতো কালজয়ী সিনেমার চিত্রনাট্য লিখেছেন তিনি। অমিতাভ বচ্চনের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ ইমেজ তৈরিতে তাঁর ভূমিকা অপরিসীম। সেলিম খানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই টলিউড ও বলিউড ইন্ডাস্ট্রি সহ অগুনতি ভক্ত উদ্বেগের মধ্যে রয়েছেন। সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
