Ramayana Ranbir Kapoor: ধুরন্ধর-২-এর পর বর্তমানে হিন্দি ছবি ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। ২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত সিনেমা এটি। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে ভগবান রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। সম্প্রতি আমেরিকার লস অ্যাঞ্জেলসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রণবীর তাঁর এই চরিত্রটি সর্বসমক্ষে বিশ্লেষণ করেন। অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে। সেখানে রণবীর অত্যন্ত আবেগপ্রবণ হয়ে ভগবান রামের আদর্শ ও মাহাত্ম্য বর্ণনা করেছেন। রণবীর কাপুরের পাশাপাশি এই বিশাল বাজেটের ছবিতে সাই পল্লবী, যশ এবং সানি দেওলের মতো তারকাদের দেখা যাবে।
রামের আদর্শ নিয়ে রণবীরের আবেগঘন বার্তা (Ramayana Ranbir Kapoor)
লস অ্যাঞ্জেলসের অনুষ্ঠানে রণবীর কাপুর উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বলেন, “ভগবান রাম শতাব্দীকাল ধরে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের বিবেক রক্ষাকারী হিসেবে কাজ করছেন। আমরা চলে যাওয়ার অনেক পরেও তিনি একইভাবে মানুষের মনে পথ প্রদর্শক হয়ে থেকে যাবেন। প্রতিকূলতাতেও নিজেকে কীভাবে নির্ভিক রাখতে হয়, তারই শিক্ষা আমাদের দেন তিনি।” রণবীর আরও যোগ করেন যে শ্রীরাম করুণা, সাহস, ধার্মিকতা এবং ক্ষমার প্রতীক। তাঁর কথায়, “রামকে পুরুষোত্তম বলা হয়, যার অর্থ একজন আদর্শ মানুষ।” অভিনেতার এই বক্তব্য উপস্থিত দর্শকদের মন জয় করে নিয়েছে।
আরও পড়ুন: ৮০০ কোটির গণ্ডি পার করল ‘ধুরন্ধর ২’, ভাঙল পুরনো রেকর্ড
হনুমান জয়ন্তীতে মিলবে রামের প্রথম ঝলক
গত ২৭ মার্চ রাম নবমীর পুণ্য তিথিতে ছবির প্রযোজক নমিত মালহোত্রা একটি বড় ঘোষণা করেছেন। তিনি জানান, আগামী ২ এপ্রিল হনুমান জয়ন্তীর শুভক্ষণে রণবীর কাপুরের ‘রামায়ণ’ (Ramayana Ranbir Kapoor) প্রথম ঝলক (ট্রেলার) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। নমিত মালহোত্রা একটি পোস্টে লিখেছেন, “এই গল্পটি আমাদের সবার। অত্যন্ত দায়িত্ববোধ, ভক্তি এবং যত্নের সঙ্গে আমরা রামায়ণকে তার প্রকৃত অর্থ ও বিশালতায় জীবন্ত করার চেষ্টা করছি।” তিনি আরও জানান, ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে একটি গ্র্যান্ড লঞ্চের মাধ্যমে এই ছবি জনসমক্ষে আনা হবে।
#RanbirKapoor at #Ramayana Event :
Lord Ram has been the conscience keeper of billions of people around the globe for centuries and he will continue being so even a long after we’ve gone.
He enlightens us about the triumph of the human spirit in terms of adversities. He… pic.twitter.com/z4B9IpbeZB
— KBP Reviews🏹 (@KshitizCritic) March 31, 2026
‘রামায়ণ’ ছবিটি শুধুমাত্র অভিনয়ের জন্য নয়, কারিগরি দিক থেকেও এক বিশাল কর্মযজ্ঞ। এই ছবিতে অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার এবং এ আর রহমান একসঙ্গে কাজ করছেন। সংগীতপ্রেমীদের জন্য এ এক বড় পাওনা বৈকি। ছবির অ্যাকশন দৃশ্যগুলির দায়িত্বে রয়েছেন ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ খ্যাত স্টান্ট ডিরেক্টর গাই নরিস। এছাড়া ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের পারফরম্যান্স ক্যাপচার বিশেষজ্ঞ টেরি নোটারিও এই প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছেন। ছবিতে রাবণের চরিত্রে যশণ, সীতা মাতার চরিত্রে সাই পল্লবী এবং হনুমানজির রোলে সানি দেওলকে দেখা যাবে। আবার রবি দুবে ছবিতে লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করেছেন।
প্রযোজনা সংস্থা জানিয়েছে, এই মহাকাব্যটি দুটি অংশে বড় পর্দায় মুক্তি পাবে। প্রথম অংশটি ২০২৬ সালের দীপাবলি এবং দ্বিতীয় অংশটি ২০২৭ সালের দীপাবলিতে মুক্তির সম্ভাবনা রয়েছে। বহু বছর ধরে চলে আসা কঠোর পরিশ্রম এবং গবেষণার পর এই ছবিটিকে একটি সিনেমার পর্দায় প্রদর্শনের জন্য উপযুক্ত হিসেবে তৈরি করা হচ্ছে। ভারতের এই প্রাচীন মহাকাব্যকে বিশ্বমানের প্রযুক্তিতে দেখার জন্য দর্শকরা এখন চাতক পাখির মতো দিন গুনছেন। হনুমান জয়ন্তীর দিন রণবীরের লুক (Ramayana Ranbir Kapoor) প্রকাশের মাধ্যমেই এই ছবির আনুষ্ঠানিক প্রচারের কাজ পুরোদমে শুরু হতে চলেছে।
