টানা কয়েকদিনের অসহ্য ভ্যাপসা গরমের (West Bengal Weather Forecast) পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল পশ্চিমবঙ্গবাসী। চৈত্রের শেষে প্রচণ্ড দাবদাহে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছিল, ঠিক তখনই আশীর্বাদের মতো বঙ্গে নামল বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে রবিবার ভোররাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার সক্রিয় প্রভাবে এই আবহাওয়ার পরিবর্তন ঘটেছে বলে জানা যাচ্ছে। এর ফলে গত কয়েকদিনের গুমোট গরম থেকে মুক্তি পেয়েছেন রাজ্যবাসী।
রাজ্যে শুরু বৃষ্টি | West Bengal Weather Forecast
রবিবার সকাল থেকেই আরামবাগ সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে আকাশের মুখ ভার ছিল। চলছিল ঝোড়ো হাওয়া। ঘন কালো মেঘে ঢাকা আকাশ থেকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়। একই ছবি দেখা গিয়েছে ঝাড়গ্রাম জেলাতেও। ভোর থেকেই সেখানে হালকা বৃষ্টিপাত শুরু হয়। সকালের দিকেও জেলার বিভিন্ন প্রান্তে বৃষ্টির দাপট বজায় ছিল। আকাশ মেঘলা থাকায় সূর্যের দেখা মেলেনি। ফলে স্বাভাবিকভাবেই তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটা নিচে নেমে গিয়েছে। দীর্ঘ দহনজ্বালার পর এই আকস্মিক আবহাওয়া পরিবর্তনে আমজনতা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
আবহাওয়া দপ্তরের রিপোর্ট (West Bengal Weather Forecast) অনুযায়ী, এই ঝোড়ো বৃষ্টির প্রভাবে আগামী কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে বৃষ্টির এই আমেজ শুধুমাত্র সাময়িক নয়। আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির দাপট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়ের তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। এই পরিস্থিতির কথা মাথায় রেখে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই কলকাতায় ‘হলুদ সতর্কতা’ জারি করেছে। এছাড়া দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মঙ্গলবার ও বুধবারের জন্য ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে।
আরও পড়ুন: গ্যাস সিলিন্ডারের কালো বাজারি রুখতে ইন্ডিয়ান অয়েলের কড়া পদক্ষেপ, কী জানাল সংস্থা
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে বুধবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে এই বৃষ্টির সঙ্গে কিছু আশঙ্কাও দানা বাঁধছে। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এতে চাষবাসের ব্যাপক ক্ষতির আশঙ্কা থাকছে। বিশেষ করে এই মরসুমের প্রধান ফল আম ও লিচুর ফলনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কাও থাকছে। তাই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাধারণ মানুষকে ঘরের ভেতরে থাকার ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।
সব মিলিয়ে একদিকে যেমন বৃষ্টির পরশ (West Bengal Weather Forecast) গরমে স্বস্তি এনেছে, অন্যদিকে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির ভ্রুকুটি চিন্তায় রেখেছে কৃষকদের। আগামী চারদিন রাজ্যের আবহাওয়া কেমন থাকে, এখন সেদিকেই নজর সকলের। সরকার ও আবহাওয়া দফতর প্রতিনিয়ত পরিস্থিতির ওপর নজর রাখছে এবং মানুষকে সতর্ক করছে।
