ভারতীয় টেলিকম বাজারে দীর্ঘদিনের একাধিপত্য ভেঙে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করল রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল (BSNL surpasses Jio-Airtel)। ফরাসি নেটওয়ার্ক টেস্টিং সংস্থা ‘এনপার্ফ’ (nPerf)-এর ২০২৬ অর্থবর্ষের বার্ষিক রিপোর্টে রিলায়েন্স জিও (Reliance JIO) এবং ভারতী এয়ারটেলকে (Bharti Airtel) পিছনে ফেলে ফিক্সড-লাইন ইন্টারনেট সেগমেন্টে প্রথম স্থান দখল করেছে বিএসএনএল। বৃহস্পতিবার প্রকাশিত এই রিপোর্টে জানানো হয়েছে, টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক উন্নতির গ্রাফ বজায় রেখে অবশেষে বেসরকারি সংস্থাগুলিকে হটিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিল এই সরকারি টেলিকম সংস্থাটি।
Airtel-JIO-কে টক্কর BSNL surpasses Jio-Airtel-এর
এনপার্ফের দেওয়া তথ্য অনুযায়ী, সামগ্রিক পারফরম্যান্সের বিচারে বিএসএনএল (BSNL surpasses Jio-Airtel) ৮৯,১৭৪ এনপয়েন্ট (nPoints) স্কোর করেছে। অন্যদিকে, এয়ারটেল এবং জিও যথাক্রমে ৭৪,৯৭৫ এবং ৭৩,৯৫৭ এনপয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এনপয়েন্ট আদপে কী জানতে চান? এটি মূলত ইন্টারনেটের ডাউনলোড স্পিড, আপলোড স্পিড, ল্যাটেন্সি, ব্রাউজিং এবং স্ট্রিমিং অভিজ্ঞতার একটি সম্মিলিত সূচক। বিএসএনএল-এর ফিক্সড-লাইন ডাউনলোডের গতি গত বছরের তুলনায় প্রায় ২১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৮.৫ এমবিপিএস-এ দাঁড়িয়েছে।
আপলোড স্পিডেও এগিয়ে বিএসএনএল
তবে সবচাইতে চমকপ্রদ বিষয়, এর আপলোড স্পিড প্রতি সেকেন্ডে ৭৫.২৬ এমবিপিএস, যা জিও বা এয়ারটেলের তুলনায় অনেকটাই বেশি। এছাড়া ল্যাটেন্সি বা ডেটা আদান-প্রদানের গতির ক্ষেত্রেও বিএসএনএল সবচেয়ে ভালো ফল করেছে। ফলে গ্রাহকরা ইউটিউব স্ট্রিমিং এবং ওয়েব ব্রাউজিংয়ের ক্ষেত্রে অনেক উন্নত অভিজ্ঞতা পাচ্ছেন।
আরও পড়ুন: এআই প্লাস ভারতে নোভা ২ সিরিজে লঞ্চ করল ফ্লিপ ফোন, জানুন দাম ও ফিচার
অন্যান্য সংস্থাগুলির মধ্যে রিলায়েন্স জিও ফিক্সড-লাইন ডাউনলোড স্পিডের ক্ষেত্রে ৭৯.৬ এমবিপিএস গতি নিয়ে তালিকার উপরে থাকলেও, তাদের আপলোড স্পিড (৩৩.৪৬ এমবিপিএস) এবং ল্যাটেন্সি (৬২.৬১ মিলি-সেকেন্ড) প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বেশ দুর্বল। ফলে সামগ্রিক স্কোরে তারা পিছিয়ে পড়েছে। অন্যদিকে এয়ারটেল গত পাঁচ বছরের ধারাবাহিকতা বজায় রেখে তাদের ডাউনলোড স্পিড ১০ শতাংশ বাড়িয়ে ৬২.৪ এমবিপিএস-এ নিয়ে এসেছে।
যদিও তাদের আপলোড স্পিড এখনও ৩৮.৭১ এমবিপিএস-এর আশেপাশে আটকে রয়েছে। তবে ফাইবার-টু-দ্য-হোম (FTTH) বা পিওর ফাইবার কানেকশনের ক্ষেত্রে এয়ারটেল এখনও ২৪১.৭২ এমবিপিএস গতি নিয়ে এগিয়ে আছে। যেখানে জিও এবং বিএসএনএল-এর স্পিড যথাক্রমে ২২৫.১৮ এবং ১৯৮.৫৪ এমবিপিএস।
এনপার্ফের প্রেসিডেন্ট রেনড কেরাদেক জানিয়েছেন, ভারতের ফিক্সড-লাইন বাজার এখন এক নতুন পরিণত পর্যায়ে পৌঁছেছে। ফাইবার পরিকাঠামো উন্নয়নের ফলে প্রতিটি সংস্থার পরিষেবার মান বাড়ছে। ট্রাই (TRAI)-এর ২০২৬ সালের ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী, গ্রাহক সংখ্যার বিচারে এখনও জিও (৩১.৩৬%) এবং এয়ারটেল (২১.৩৪%) এগিয়ে থাকলেও, পরিষেবার গুণমানের বিচারে বিএসএনএল (১৫.৪৫%) তাদের কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
আরও পড়ুন: 9020mAh ব্যাটারিতে মাত দেবে Vivo T5 Pro, কবে বাজারে আসছে?
বিশেষজ্ঞদের মতে, বিএসএনএল (BSNL surpasses Jio-Airtel) যদি তাদের ফাইবারের গতি আরও বাড়াতে পারে এবং এয়ারটেল যদি তাদের আপলোড স্পিডের দিকে নজর দেয়, তবে আগামী দিনে ভারতের ব্রডব্যান্ড বাজারে লড়াই আরও তীব্র হবে। সরকারি সংস্থার এই অভাবনীয় প্রত্যাবর্তন সাধারণ গ্রাহকদের কাছে পরিষেবার নতুন বিকল্প খুলে দিল।
