বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম উজ্জ্বল ও রহস্যময় নাম মহুয়া রায়চৌধুরী (Mahua Roychoudhury Death Mystery)। ১৯৮৫ সালের ২২ জুলাই এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে তাঁর জীবনদীপ নিভে গিয়েছিল। সমকালীন সংবাদপত্রগুলির দাবি ছিল, শিশুপুত্র তমালের দুধ গরম করতে গিয়েই অগ্নিদগ্ধ হন তিনি। তবে সেই মৃত্যুকে ঘিরে জমাট বাঁধা রহস্য আজও চলচ্চিত্র প্রেমীদের মনে অমীমাংসিত রয়ে গিয়েছে। দীর্ঘ চার দশক পর সেই ধোঁয়াশা এবার সেলুলয়েডের পর্দায় বন্দি হতে চলেছে। আগামী ২২ জুলাই মহুয়া রায়চৌধুরীর প্রয়াণের ৪১তম বার্ষিকীতে তাঁর জীবনের আলো-অন্ধকার অধ্যায় দর্শকদের সামনে তুলে ধরতে চলেছেন প্রযোজক রানা সরকার।
মহুয়া রায়চৌধুরির বায়োপিক (Mahua Roychoudhury Death Mystery)
পরিচালক রাজদীপ ঘোষের নির্দেশনায় তৈরি হতে চলা এই বায়োপিকে মহুয়ার জীবন ও তাঁর মৃত্যুকে ঘিরে থাকা নানা প্রশ্ন (Mahua Roychoudhury Death Mystery) নতুন আঙ্গিকে পরিবেশিত হবে। এই ছবিতে এক বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা গৌরব চক্রবর্তীকে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গোয়েন্দা গল্প বা রহস্যভেদী চরিত্রে গৌরবের উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। এই ছবিতেও তিনি একজন তদন্তকারী আধিকারিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, যাঁর দৃষ্টিভঙ্গি ও ধারাভাষ্যের ওপর ভিত্তি করে গল্পের বুনন এগিয়ে যাবে। প্রযোজকের মতে, গৌরব এখানে কেবল একটি চরিত্র নন, বরং সমগ্র কাহিনীর এক নিরপেক্ষ কথক হিসেবে কাজ করবেন।
আরও পড়ুন: অক্ষয়-প্রিয়দর্শন ম্যাজিকে ১০০ কোটির ক্লাবে ‘ভূত বাংলা’, দ্বিতীয় সপ্তাহেও সমান দাপট!
ছবির কাস্টিংয়ে রয়েছে আরও বড় চমক। মহুয়া রায়চৌধুরীর জীবনে বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়ের প্রভাব ছিল অপরিসীম। সেই ঐতিহাসিক চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলবেন গৌরবের স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। বর্তমান প্রজন্মের অভিনেতাদের নিয়ে এমন একটি পিরিয়ড ড্রামা তৈরি করা বেশ ঝুঁকিপূর্ণ বলে মনে করা হলেও, পরিচালক রাজদীপ ঘোষ এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। তাঁর মতে, টলিউডে নতুন প্রজন্মের প্রতিভার বিকাশ ঘটাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মহড়ার মাধ্যমে প্রতিটি অভিনেতাকে চরিত্রের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে।
ইতিমধ্যেই ছবির কাজ বেশ গতিতে এগোচ্ছে। গত দশ দিন ধরে চলা শুটিংয়ে প্রায় পঞ্চাশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী ২০ দিনের মধ্যে বাকি চিত্রগ্রহণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। ছবির সংগীতের দায়িত্বে রয়েছেন সপ্তক সানাই। মহুয়া রায়চৌধুরীর কালজয়ী সিনেমাগুলির জনপ্রিয় গানের পাশাপাশি বেশ কিছু নতুন গানও এই চলচ্চিত্রে স্থান পাবে, যা দর্শকদের নস্টালজিক করে তুলবে।
তবে মহুয়ার মৃত্যুর প্রকৃত কারণ (Mahua Roychoudhury Death Mystery) কি এই ছবি উন্মোচন করবে? এই প্রশ্নের উত্তরে প্রযোজক ও পরিচালক দুজনেই যথেষ্ট সংযত। তাঁদের প্রধান লক্ষ্য হল নতুন প্রজন্মের কাছে মহুয়া রায়চৌধুরীর প্রতিভা ও তাঁর জীবনের সংগ্রামকে পরিচিত করানো। তাঁকে ঘিরে থাকা বিতর্কগুলি সরাসরি সমাধান করার চেয়ে বরং বাস্তবোচিতভাবে তুলে ধরতেই তাঁরা বেশি আগ্রহী। দীর্ঘ সময় পর বাংলার এক মহানায়িকার জীবনকে ঘিরে এমন উদ্যোগ টলিউডে নতুন চর্চার জোয়ার এনেছে।

