সর্বভারতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (UGC-NET Controversy) একের পর এক বিপর্যয়। প্রশ্নপত্র ফাঁস এবং ভুল প্রশ্নপত্রের কারণে বারবার বিড়ম্বনায় পড়তে হচ্ছিল লক্ষ লক্ষ পরীক্ষার্থীকে। পরীক্ষার্থীদের তীব্র ক্ষোভ ও প্রতিবাদের পর অবশেষে এক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। নবনিযুক্ত শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র (NTA) কাজের ধারায় আমূল পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই সংস্থায় কর্মরত ৫০ জনেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে খবর। পাশাপাশি ১০টি নতুন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে এনটিএ।
বড় পদক্ষেপে এনটিএ-র (UGC-NET Controversy)
সোমবার নবনিযুক্ত উচ্চশিক্ষাসচিব দীপ্তি গৌর মুখোপাধ্যায়, স্কুল শিক্ষা সচিব টি কে অনিল কুমার এবং শিক্ষামন্ত্রকের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি জরুরি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী। সেই বৈঠকেই এনটিএ-র কাজের পদ্ধতিতে একাধিক বড় ধরনের সংস্কার আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটি জুলাই মাস থেকেই বিতর্কিত কর্মীদের সরানোর কাজ শুরু করেছিল, যার অধীনে প্রথম দফাতেই ৪৭ জন কর্মীকে ছাঁটাই করা হয়। পরবর্তীকালে ইউজিসি নেটের প্রশ্নে মারাত্মক ভুল থাকার ঘটনা সামনে আসায় এবং পুনরায় পরীক্ষা ঘোষণার পর আরও বেশ কয়েকজন কর্মীকে বরখাস্ত করা হয়। নিট (NEET) প্রশ্নফাঁস ও ইউজিসি নেটের অনিয়ম মিলিয়ে সব মিলিয়ে ৫০ জনেরও বেশি কর্মীকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফুকেট কাণ্ডের পর ফের বড় ধাক্কা! ড্রাগ টেস্টে ব্যর্থ এয়ার ইন্ডিয়ার ২ পাইলট
পরীক্ষার গোপনীয়তা রক্ষা এবং পরিকাঠামোগত সুরক্ষায় এনটিএ-কে (UGC-NET Controversy) চরম কঠোরতা অবলম্বনের নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রক। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, পরীক্ষার কাজ যেখানে পরিচালিত হবে সেখানে বিশেষ গোপনীয় ঘর বা ‘এয়ার গ্যাপড সিস্টেম’ চালু করতে হবে যাতে ঘরের ভিতরের কোনো শব্দ বা তথ্য বাইরে না পৌঁছাতে পারে। এর পাশাপাশি ওই সুরক্ষিত অংশে প্রবেশের আগে মোবাইল ফোন সহ সমস্ত ধরনের ইলেকট্রনিক ডিভাইস জমা রাখা বাধ্যতামূলক করার নিয়ম যুদ্ধকালীন তৎপরতায় বলবৎ করার কথা বলা হয়েছে।
সংস্থার প্রশাসনিক ও প্রযুক্তিগত কাঠামো শক্তিশালী করতে ১০টি নতুন পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে চিফ টেকনোলজি অফিসার, চিফ ফিন্যান্স অফিসার, সিআইএসএ, পরীক্ষা সংক্রান্ত নিরাপত্তার জেনারেল ম্যানেজার এবং আর অ্যান্ড ডি সাইকোমেট্রির জেনারেল ম্যানেজারের মতো সংবেদনশীল পদগুলি রয়েছে। পাশাপাশি সাইবার সিকিউরিটি, সাইকোমেট্রি, প্রশ্নপত্র ডিজাইন ও বিভিন্ন জরুরি ক্ষেত্রে অভিজ্ঞ ডোমেন স্পেশ্যালিস্ট (UGC-NET Controversy) নিয়োগের কাজ দ্রুতগতিতে চালাচ্ছে কেন্দ্রীয় সরকার।
