Jana Nayagan

তামিল মেগাস্টার থলপতি বিজয় অভিনীত ছবি ‘জন নায়গন’ (Jana Nayagan) আনুষ্ঠানিকভাবে মুক্তির আগেই ফাঁস হল অনলাইনে। সোশ্যাল মিডিয়ায় ছবির বহু গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এরপর থেকেই তীব্র নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। কার্যত দক্ষিণি চলচ্চিত্র শিল্পে এক নজিরবিহীন ঘটনা। এতে সবাই স্তম্ভিত। বিজয়ের অগণিত ভক্ত সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছেন যেন কেউ এই ফাঁস হওয়া ভিডিও না দেখেন। তাঁদের মতে, পাইরেসি একটি সিনেমার সঙ্গে যুক্ত কয়েকশো মানুষের কঠোর পরিশ্রমকে ধুলোয় মিশিয়ে দেয়। এই ঘটনা বড় বাজেটের সিনেমাগুলির নিরাপত্তা এবং পাইরেসি মোকাবিলার চ্যালেঞ্জকে আবারও সামনে নিয়ে এসেছে।

পাইরেসি এড়ানোর আহ্বান জানিয়েছেন শিবকার্তিকেয়ানের | Jana Nayagan

জনপ্রিয় অভিনেতা শিবকার্তিকেয়ন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে একটি আবেগঘন পোস্ট করেছেন। সিনেমার প্রতি সম্মান প্রদর্শন এবং পাইরেসি থেকে দূরে থাকার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, “প্রতিটি চলচ্চিত্র শত শত মানুষের আবেগ, রক্ত ও ঘামের বিনিময়ে তৈরি হয়। দয়া করে পাইরেসি এড়িয়ে চলুন। সিনেমাটি (Jana Nayagan) বড় পর্দায় মুক্তির জন্য অপেক্ষা করুন এবং প্রেক্ষাগৃহে গিয়েই এটি দেখুন।” তিনি আরও যোগ করেন, “এই নক্কারজনক ঘটনার পেছনে যারা দায়ী, তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। মেধা ও কঠোর পরিশ্রমকে সম্মান করতে শিখুন। সর্বোপরি এই ইন্ডাস্ট্রিকে সম্মান করুন।” শিবকার্তিকেয়ানের এই বার্তা অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সিনেমার স্বার্থে তাঁর এই অবস্থানকে ভক্তরা সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: ‘প্রায়শ্চিত্ত’ করতে রাজি বাদশাহ! ৫০ জন কন্যার পড়াশোনার দায়িত্ব নিলেন

ব্যক্তিগত জীবনে থলপতি বিজয়ের সঙ্গে শিবকার্তিকেয়ানের সম্পর্ক অত্যন্ত মধুর। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে বিজয় কীভাবে তাঁর ক্যারিয়ারের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন। মজার বিষয় হল, শিবকার্তিকেয়ানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘পরাশক্তি’ (Parasakthi) এবং বিজয়ের ‘জন নায়গন’ একই সময়ে মুক্তি পাওয়ার কথা ছিল। ফলে বক্স অফিসে দুই তারকার এক বড়সড় লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে সেন্সর সার্টিফিকেশন সংক্রান্ত জটিলতার কারণে ‘জন নায়গন’-এর মুক্তি পিছিয়ে যায়। বক্স অফিসে প্রতিযোগী হওয়া সত্ত্বেও বিজয়ের সিনেমার বিপদে শিবকার্তিকেয়ন যেভাবে পাশে দাঁড়িয়েছেন এবং পাইরেসির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, তা চলচ্চিত্র প্রেমীদের নজর কেড়েছে।

‘জন নায়গন’ পাইরেসি ফাঁসের প্রতিবাদে একজোট চলচ্চিত্র মহল

শিবকার্তিকেয়ন ছাড়াও তামিল ইন্ডাস্ট্রির অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন। প্রযোজক ধনঞ্জয়ন গোবিন্দ এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে অভিহিত করেছেন। অভিনেতা সিবীরাজ এবং শান্তনু ভাগ্যরাজ ভক্তদের কাছে আবেদন করেছেন যেন কেউ এই পাইরেটেড ক্লিপ শেয়ার না করেন। পরিচালক এইচ বিনোদ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন যে, সিনেমার প্রতিটি দৃশ্যের পেছনে কারও না কারও স্বপ্ন জড়িয়ে থাকে, যা এভাবে ফাঁস হয়ে যাওয়াটা অত্যন্ত বেদনাদায়ক। অন্যদিকে, ‘জন নায়গন’-এর (Jana Nayagan) নির্মাতারা ইতিমধ্যেই একটি আইনি সতর্কতা জারি করেছেন। তাঁরা সাফ জানিয়েছেন যে, যারা এই ফাঁস হওয়া ফুটেজ ইন্টারনেটে শেয়ার করবে, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved