movie Ramayana

দীপাবলি ২০২৬-এ প্রেক্ষাগৃহে বহু প্রতীক্ষিত মেগা বাজেটের ছবি ‘রামায়ণ: পার্ট ওয়ান’ (Ramayana Controversy) আনার তোড়জোর চালাচ্ছেন পরিচালক নীতিশ তিওয়ারি। কিন্তু পর্দায় আসার আগেই ছবিটি ঘিরে দানা বাঁধছে নতুন বিতর্ক। ছবিতে সনাতন ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে এমন কোন উপাদান রয়েছে কি না, তা যাচাই করার জন্য প্রেক্ষাগৃহে সাধারণ মুক্তির আগেই একটি বিশেষ প্রদর্শনী বা ‘স্পেশ্যাল স্ক্রিনিং’-এর জোরালো দাবি তুলেছে ‘শ্রী রামলীলা মহাসংঘ’। এই শর্ত না মানলে বড় আকারের প্রতিবাদের মুখে পড়তে হতে পারে বলেও নির্মাতাদের বার্তা দেওয়া হয়েছে।

রামায়ণ নিয়ে বিতর্কের সূত্রপাত (Ramayana Controversy)

শ্রী রামলীলা মহাসংঘের সভাপতি অর্জুন কুমার আনুষ্ঠানিকভাবে পরিচালক নীতিশ তিওয়ারি এবং প্রযোজক সংস্থাকে চিঠি পাঠিয়েছেন। চিঠি মারফত দাবি করা হয়েছে, ভারত তথা বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ছবিটি দেখানোর আগেই দিল্লির রামলীলা কমিটি, শ্রী রামলীলা মহাসংঘ ও একাধিক হিন্দু ধর্মীয় সংগঠনের পদাধিকারীদের জন্য একটি প্রিভিউ-এর ব্যবস্থা করতে হবে, যাতে কোনও বিতর্কিত দৃশ্য বা সংলাপ থাকলে তা আগেই বদলে নেওয়া যায়।

সংবাদ মাধ্যমকে অর্জুন কুমার ২০২৩-এর ‘আদিপুরুষ’ সিনেমার উদাহরণ দিয়ে কড়া প্রতিক্রিয়া জানান। তিনি মনে করিয়ে দেন, সে সময় বিতর্কিত দৃশ্য ও সংলাপের কারণে সনাতনী ধর্মাবলম্বী ও ঐতিহ্যবাহী রামলীলা শিল্পীরা ছবিটির প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি অভিযোগ করেন, লঙ্কাকে কালচে রঙে দেখানো, অদ্ভুত চামড়ার পোশাকের ব্যবহার এবং রাবণ ও তাঁর বাহিনীকে মুঘল আমলের আদলে উপস্থাপনের ফলেই আদিপুরুষ ছবিটি দর্শকরা বর্জন করেন এবং বড় বাজেটের ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

আরও পড়ুন: অস্ত্রোপচারের পর কেমন আছেন অমিতাভ বচ্চন? নিজেই জানালেন লড়াইয়ের কথা

রণবীর কাপুরের অভিনীত এই নতুন প্রজেক্ট (Ramayana Controversy) নিয়ে অর্জুন কুমার জানান, রণবীর কাপুরের মতো বড় তারকার এত বিপুল বাজেটের কাজকে সমর্থন দিতে এবং প্রচার চালাতে রামলীলা কমিটি প্রস্তুত। এমনকি রামলীলা মহাসংঘের উদ্যোগে হাজার হাজার ভক্তকে সম্পূর্ণ নিখরচায় ছবিটি দেখানোর উদ্যোগও নেওয়া হতে পারে। তবে তাঁর স্পষ্ট বক্তব্য – আদিপুরুষ-এর মতো ভুলের পুনরাবৃত্তি যেন কোনোভাবেই এই ছবিতে না ঘটে।

একই সঙ্গে প্রকাশ্যে আসা ছবির আভাসে রণবীর কাপুরের শ্রী রাম রূপ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মহাসংঘের সভাপতি। তাঁর মতে, শ্রীরামচন্দ্রের যে গাম্ভীর্য, তেজ ও ঐশ্বরিক ব্যক্তিত্ব থাকা প্রয়োজন, রণবীরের চেহারায় তার কিছুটা ঘাটতি মনে হচ্ছে এবং রামচন্দ্রের চেনা রূপের সাথে তাঁকে পুরোপুরি মানানসই লাগছে না।

মহাসংঘের পক্ষ থেকে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে যে, দিল্লির হিন্দু সংগঠন ও রামলীলা কমিটির প্রতিনিধিদের জন্য অগ্রিম প্রদর্শনীর বন্দোবস্ত না করা হলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন। প্রসঙ্গত, পরিকল্পনা অনুযায়ী ‘রামায়ণ: পার্ট ওয়ান’ (Ramayana Controversy) ২০২৬-এর দীপাবলিতে এবং এর দ্বিতীয় পর্বটি ২০২৭-এর দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved